কাতালোনিয়ার স্বাধীনতা বিষয়ে বিতর্কিত গণভোট, এর প্রেক্ষিতে স্বাধীনতা ঘোষণা নিয়ে অস্পষ্টতা এবং স্বাধীনতার পক্ষে-বিপক্ষে চলমান অস্থিরতার মাঝেও স্পেন তার জাতীয় দিবস উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
বুধবার স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় পার্লামেন্টে দেয়া ভাষণে বলেন, ৪০ বছরের গণতন্ত্রের ওপর এবার সবচেয়ে গুরুতর হুমকির মুখে আছে দেশটি। তার একদিন পরই জনগণের মাঝে জাতীয়তা নিয়ে ঐক্য ফুটে উঠতে থাকে।
রাজধানী মাদ্রিদে রাজা ফিলিপে এবং প্রধানমন্ত্রী রাহয়ের অংশগ্রহণে প্যারেডের অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও দেশজুড়ে বিভিন্ন ধরণের অনুষ্ঠান উদযাপিত হবে।
তবে সবই হবে ১ অক্টোবরে অনুষ্ঠিত কাতালান গণভোটের ফলে সৃষ্ট চরম রাজনৈতিক অস্থিরতার মাঝে, যা স্পেনের সাংবিধানিক আদালত অবৈধ ঘোষণা করেছেন।
বুধবারের ভাষণে রাহয় স্পেনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লেস পুইজদেমনকে ৫ দিনের সময় দেন স্পষ্ট করে জানানোর জন্য, তিনি আসলেই কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করেছেন কিনা।

মঙ্গলবার পুইজদেমন কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণাপত্রে সই করলেও স্পেন সরকারের সঙ্গে আলোচনার জন্য কাতালোনিয়ার স্বাধীনতা কয়েক সপ্তাহের জন্য স্থগিত করেন। এ কারণে আসলে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে কিনা – এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়।
মারিয়ানো রাহয় বলেন, অন্য পদক্ষেপ গ্রহণের আগে সরকারের স্বাধীনতা ঘোষণার বিষয়টি পরিষ্কারভাবে জানা প্রয়োজন। পরিস্থিতি ঠিক না হলে কাতালোনিয়া জুড়ে প্রত্যক্ষ শাসন জারির হুমকিও দিয়েছে স্পেন সরকার।
১২ অক্টোবর স্পেনের জাতীয় দিবস। এই দিনটিতে সরকারি ছুটি রাখা হয়, স্মরণ করা হয় ১৪৯২ সালে স্পেনের একত্রিত হওয়া এবং ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকায় পদার্পণকে।







