টানা দুইবারের ইউরো জয়ী স্পেনকে রাউন্ড সিক্সটিন থেকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গত আসরে রানারআপ ইতালি। জর্জিয়ো চিয়েলিনি এবং গ্র্যাজিয়ানো পেলের গোলে স্পেনকে ২-০ গোলে হারিয়ে ২০১২ সালে ইউরোর ফাইনালে হারের প্রতিশোধ নেয় আজ্জুরিরা। আগামী শনিবার শেষ আটে ইতালির প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
শুরু থেকেই গতিময় আর পাল্টাপাল্টি আক্রমণের ম্যাচটিতে প্রথমার্ধের ৩৩ তম মিনিটে প্রথম গোলটি করেন চিয়েলিনি। এরপরের গোলটি আসে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে। চার মিনিট যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্পেনের ফিরে আসার স্বপ্ন চূর্ণ করে ব্যবধান দ্বিগুণ করেন পেলে।
ইতালির এই জয়ে গোলরক্ষক বুফনের অবদান কম নয়। বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন তিনি।
গত ফাইনালে দেখা হয়েছিলো ইতালি-স্পেনের। সেবার স্পেনের কাছে ৪-০ গোলে হেরেছিল ইতালি। এর আগের আসরেও স্প্যানিশদের কাছে ট্রাইবেকারে হেরে বিদায় ঘটেছিল তাদের। তাই আজ্জুরিদের সামনে কোয়ার্টার ফাইনালে ওঠার সঙ্গে জড়িয়ে ছিল গেল আসরের প্রতিশোধ নেওয়ার সুযোগ। সে সুযোগ শতভাগ কাজে লাগালো তারা।
১৯৬৮ সালে শেষবার ইউরোর শিরোপা জিতেছিল ইতালি। আর ১৯৯৪ বিশ্বকাপের পর কোনো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এটাই স্পেনের বিপক্ষে ইতালির প্রথম জয়।
এর আগে গ্রুপপর্বে বেলজিয়াম ও সুইডেনকে হারিয়ে শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখে ইতালি। অন্যদিকে, গ্রুপপর্বে চেক প্রজাতন্ত্র ও তুরস্ককে হারালেও শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে গ্রুপ রানার্সআপ হয় লা রোজারা।







