রাজকোটে কোনোক্রমে ড্র করার পর সিরিজের দ্বিতীয় টেস্টে জিতে চলতি সিরিজে ১-০ এগিয়ে গেছে ভারত। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সব প্রতিরোধ ভেঙে পড়ল ভারতের স্পিন আক্রমণের সামনে। পঞ্চম দিনে ১৫৮ রানে অল আউট হয়ে যায় কুক বাহিনী। আর ভারত ম্যাচ জেতে ২৪৬ রানে।
জয়ের জন্য ৪০৫ রানের প্রয়োজন ছিল ইংল্যান্ডের। কিন্তু ইনিংসের শুরু থেকেই রান তাড়ার পথে এগোয়নি ইংলিশরা। তাদের চেষ্টা ছিল উইকেট কামড়ে পড়ে থাকার। তাই রোববার চতুর্থ দিন হামিদকে সঙ্গে নিয়ে ৫০ ওভারের বেশি কাটিয়ে দেন অধিনায়ক কুক। ৫০.২ ওভারে হামিদ অশ্বিনের বলে আউট হন। তৃতীয় দিনের শেষে রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে যান কুকও। তার রান ১৮৮ বলে ৫৪।
গতকালের ২ উইকেটে ৮৭ রান নিয়ে সোমবার দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। কিন্তু শুরুতেই ডাকেটকে আউট করেন অশ্বিন। এরপর গতকালের অপরাজিত ব্যাটসম্যান জো রুটকে ফিরিয়ে দেন মোহাম্মদ সামি। রুট করেন ২৫ রান। এরপর জাদেজার বলে প্যাভিলিয়নের পথ ধরেন মঈন আলি।
জয়ন্ত যাদবের শিকার হন স্টোকস। এরপরই ম্যাচের আশা ছেড়ে দেয় ইংল্যান্ড। আদিল রশিদকে তুলে নেন সামি। অশ্বিনের স্পিনের ফাঁদে আউট হন জাফর আনসারি। আজ ইংল্যান্ডের ৮ উইকেটের পতন হয় মাত্র ৭১ রানে।
ভারতের হয়ে অশ্বিন ও জয়ন্ত যাদব তিনটি করে এবং সামি ও জাদেজা ২টি করে উইকেট নিয়েছেন।
এই জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ভারত। দুদলের পরের টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর, মোহালিতে।








