স্নাতক প্রোগ্রামে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের গবেষণায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ফেলোশিপ-২০১৮’ প্রদানের উদ্যোগ নিয়েছে গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং, যুক্তরাষ্ট্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ।
সংগঠন দুটির সমন্বিত উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো এই কর্মসূচি শুরু হলো। প্রাথমিক পযায়ে প্রতি প্রস্তাবনায় ৭ হাজার করে মোট ৪টি ফেলোশিপ প্রদান করা হবে। স্নাতক ছাত্রছাত্রীদের প্রাইমারি প্রাথমিক গবেষণা প্রস্তাবনা থেকে যাচাই-বাছাই করে এই ফেলোশিপ প্রদান করা হবে।
প্রথমবারের মতো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক ছাত্রছাত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদের সদস্যদের কাছ থেকে এই প্রস্তাবনা আহ্বান করা হয়েছে। এডুকেশন, হেলথ, জেন্ডার স্টাডিজ, পলিটিকস, ল, ইথিকস-রিলিজওন, এনভায়রনমেন্টাল সায়েন্স, সোসাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, মিডিয়া, বিজনেস, ট্রেড অ্যান্ড ট্যুরিজম; বিষয়ের উপর ব্যক্তিগত বা গ্রুপভিত্তিক প্রস্তাবনা জমা দেয়া যাবে।
৩ পৃষ্ঠার গবেষণা প্রস্তাবনার সঙ্গে আবেদনপত্র, প্রার্থীর বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের স্ব স্ব রিসার্চ টিমের সুপারভাইজারের সমর্থনপত্র একসাথে করে ২ মে, ২০১৮ তারিখের মধ্যে [email protected] এবং cc করে [email protected] তে জমা দিতে হবে। আবেদনপত্রের শিরোনামে অবশ্যই ‘First Undergraduate Research Fellowship-2018’ লিখতে হবে এবং নিজের ডিপার্টমেন্ট ও সংগঠনের নাম উল্লেখ করতে হবে।
জমাকৃত প্রস্তাবনাগুলো থেকে যাচাই-বাছাই করে এবং প্রার্থীদের একটি সংক্ষিপ্ত সাক্ষাতকারের পর চূড়ান্ত প্রস্তাবনা চারটিকে এই ফেলোশিপ প্রদান করা হবে। অর্থ প্রদান ছাড়াও ফেলোশিপ প্রাপ্তদের ঢাকা শহরের বিভিন্ন আর্কাইভ, লাইব্রেরি থেকে গবেষণার তথ্য-উপাত্ত সংগ্রহে সহযোগিতা প্রদান, বিশেষ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতকারের সঙ্গে সহযোগিতা প্রদান করা হবে।
ফেলোশিপ সংক্রান্ত যেকোন বিষয়ে প্রশ্ন থাকলে যোগাযোগ করতে বলা হয়েছে গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং, যুক্তরাষ্ট্রের সহ-প্রতিষ্ঠাতা শাকিল মালিক ([email protected]) অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক ([email protected]) এর সঙ্গে।
স্নাতক গবেষকদের ফেলোশিপ প্রদান প্রসঙ্গে গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং এর সহ-প্রতিষ্ঠাতা শাকিল মালিক চ্যানেল আই অনলাইনকে জানান, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে তরুণদের গবেষণায় আসতেই হবে। এক্ষেত্রে স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বল্প পরিসরে এই ফেলোশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশে এই ধরনের উদ্যোগ এই প্রথম। সাধারণত স্নাতকদের গবেষণাকে গুরুত্ব দেয়া হয় না বাংলাদেশে।কিন্তু তাদের গুরুত্ব দেয়া উচিত। এটি মূলত পরীক্ষামূলক আয়োজন। আগামী বছর থেকে আমরা অধিক সংখ্যক শিক্ষার্থীদের ফেলোশিপ প্রদান করার উদ্যোগ গ্রহণ করবো।
ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গবেষণা সংগঠন বাংলাদেশে নতুন একটি ধারণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই এই ধারণার সূচনা করেছেন। আমরা এই সংগঠনের মাধ্যমে বিশেষ করে স্নাতক শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করার জন্য নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করছি। তারই অংশ হিসেবে ‘স্নাতক গবেষণায় ফেলোশিপ প্রোগ্রাম’। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং সংগঠনটি সহযোগিতায় এগিয়ে এসেছে। এজন্য আমরা কৃতজ্ঞ সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা শাকিল মালিক এর কাছে। এবার এই প্রোগ্রাম শুরু করেছি সীমিতভাবে। পরের বছর থেকে পুরো দেশের বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের এই প্রোগ্রামের আওতায়ভুক্ত করার চেষ্টা থাকবে। এতে করে স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা গবেষণায় আসবে এবং গবেষণাকে ক্যারিয়ার হিসেবে গ্রহণে উদ্বুদ্ধ হবে।








