জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় স্থায়ী জামিনের আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে বিশেষ আদালতে খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদন করেন সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ আবেদনের বিরোধিতা করেন।
খালেদা জিয়াকে আদালতের দেয়া এক সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের দিন শেষ হয় আজ।
আত্মপক্ষ সমর্থনের জন্য বেগম জিয়া আদালতে আসেন সকাল সাড়ে ১১টায়।
গত ২৬ অক্টোবর জজ ড. আখতারুজ্জামানের আদালতে দ্বিতীয় দিনের মতো আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন তিনি। এর পর আদালত মামলার শুনানির জন্য বৃহস্পতিবার দিন দেন।
গত ১৯ অক্টোবর দুই মামলায় আত্মপক্ষ সমর্থন করে বিশেষ আদালতে প্রথম বক্তব্য উপস্থাপন করেন খালেদা জিয়া। ওই দিন জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ আদালতে আত্মসমর্পণ করে এক লাখ টাকার মুচলেকায় জামিন পান তিনি।







