স্ত্রী সন্তানের আত্মহত্যায় বাবা মামুন গ্রেপ্তার

রাজধানীর সবুজবাগের আহমেদবাগে প্রেমের জের ধরে স্ত্রী সন্তান আত্মহত্যার ঘটনায় বাবা মামুন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাজিরুর রহমান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, দুই বছরের মেয়ে মাহফুজা ও মা শান্তনা আক্তারের আত্মহত্যার ঘটনায় বাবা মামুনকে গ্রেপ্তার করতে সকাল থেকেই তৎপরতা জোরদার করি। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি মামুন উত্তরখান এলাকায় একটি বাসায় অবস্থান করছে। বিকাল পাঁচটার দিকে আমরা অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করি। তার শ্যালিকা স্বর্ণাও পুলিশ হেফাজতে রয়েছে।
মা মেয়ের আত্মহত্যার বিষয়ে মামুনের ভাষ্য কি জানতে চাইলে তিনি বলেন, মামুন এখন কিছু বলেনি। আমরা রাস্তায় রয়েছি, থানায় যাচ্ছি, সেখানে মামুনকে জিজ্ঞাসাবাদ করা হবে।
মঙ্গলবার সকালে সবুজবাগ থানা পুলিশ আহমেদবাগের একটি টিনশেড বাসা থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। পারিবারিক কলহের জন্য এ আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আহমেদবাগের কমিউনিটি সেন্টারের পাশে টিনশেড ঘরের একটিতে বসবাস করত মামুন দম্পতি। প্রতিবেশীদের ভাষ্য মতে, মামুন স্থানীয় বন্ধুর সঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ব্যবসা করত। স্ত্রী শান্তনা ছিলেন গৃহিনী। তাদের সংসারে ছিল দুই বছর বয়সী কন্যা শিশু মাহফুজা। প্রায় পাঁচ-ছয় বছর ধরেই এই ঘরে বসবাস করছিল তারা।
‘‘দুই মাস আগে রংপুর থেকে বোনের বাসায় আসে স্বর্ণা, লক্ষ্য ছিল একটা গার্মেন্টসে চাকরি করা, কিন্তু তা না করে দুলাভাই মামুনের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে স্বর্ণা। সেটা বুঝেও গিয়েছিল শান্তনা। দুই তিন দিন আগে মামুনের সঙ্গে নতুন করে ঘর সংসার করার জন্য পালিয়ে যায় স্বর্ণা। যা মোটেও সহ্য করতে পারেনি শান্তনা। তাই সোমবার গভীর রাতে ঘরের সিলিংয়ের বাঁশের সঙ্গে ওড়না পেচিয়ে মা-মেয়ে আত্মহত্যা করে।’’
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির চ্যানেল আই অনলাইনকে বলেন, ধারণা করা হচ্ছে স্বামীর সঙ্গে বোন পালিয়ে যাওয়ায় সোমবার রাতে দুই বছরের মেয়ে মাহফুজাকে গলা টিপে হত্যা করার পর মা শান্তনা আত্মহত্যা করেছেন।



