আসছে ভালোবাসা দিবসকে ঘিরে বেশকিছু চমক নিয়ে হাজির হতে চলেছেন ‘বড় ছেলে’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। তার নাটকে ফের দেখা যাবে সেই অপূর্ব-মেহজাবীন জুটিকে! যে নাটকের চিত্রনাট্য লিখেছেন অভিনেতা অপূর্বর স্ত্রী নাজিয়া হাসান অদিতি!
সিএমভির ব্যানারে নির্মিতব্য নাটকটির নাম ‘চারুর বিয়ে’। প্রধান দুই চরিত্রে অপূর্ব-মেহজাবীন ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও আছেন অন্তু করিম, আল মামুন, সমু চৌধুরী, মিলি বাশার, আনজুমান আরা বকুল প্রমুখ।
আরিয়ান জানান, গেল তিন দিন ধরে নাটকটির শুটিং চলছে ঢাকার বিভিন্ন লোকেশনে। এরমধ্যে চিত্রনাট্যের প্রয়োজনে যেতে হচ্ছে ঢাকার বাইরেও। কারণ কাজটি অনেক বড় পরিসরে নির্মিত হচ্ছে।
দুটি পরিবারের ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘চারুর বিয়ে’। আর সূত্রটা হচ্ছে চারুর বিয়ের আংটিবদলের মধ্যদিয়ে। এখানে চারু চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন।
নির্মাতা বললেন, এই গল্পটি নিয়ে আমরা ইউনিটের প্রতিটি মানুষ খুব এক্সাইটেড। আমি বলতে পারি, এমন গল্পের কাজ এর আগে হয়নি। সে জন্য কাজটি ঠিকঠাকভাবে তুলে আনার জন্য আমরা প্রচুর পরিশ্রম করছি। প্রতিটি মানুষ ইনভল্ব আছি। এমনকি ভাবী (নাট্যকার নাজিয়া হাসান অদিতি) নিজেও ইউনিটে হাজির থাকছেন। হয়তো দারুণ কিছুই হতে যাচ্ছে।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকে জানানো হয়েছে, ১৪ ফেব্রুয়ারি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘চারুর বিয়ে’।







