আগামী মাসে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের ২৩তম আসর। টাইগার দলের বাইরে থাকা ক্রিকেটারদের আনাগোনা তাই বাড়ছে মিরপুরে। বুধবার অনুশীলন করতে দেখা গেল দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের বাইরে থাকা নাসির হোসেনকে। সংবাদমাধ্যমের মুখোমুখি রংপুর বিভাগের তারকা জানালেন জাতীয় দলে ফেরার লক্ষ্যের কথা।
একটা সময় নাসির হোসেন ছিলেন বাংলাদেশ দলের অপরিহার্য খেলোয়াড়। লোয়ার মিডল অর্ডারে ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করে দেশের ক্রিকেটে পরিচিতি পেয়েছিলেন ‘ফিনিশার’ হিসেবে। সেই নাসির অনেকদিন হল নেই জাতীয় দলের ধারেকাছেও।
সব ভুলে সামনে তাকাতে চান নাসির। স্ত্রীর ইচ্ছেপূরণ করতে ফিরতে চান জাতীয় দলে, ‘অবশ্যই আমি চেষ্টা করব (স্ত্রী ইচ্ছেপূরণ)। যতদিন ক্রিকেট খেলব, চেষ্টা করব জাতীয় দলে ফিরতে। আমার মনে হয়, এটাই সব খেলোয়াড়ের স্বপ্ন। আমারও স্বপ্ন আবার যাতে জাতীয় দলে ফিরতে পারি।’
‘ফিরতে অনুশীলনের বিকল্প নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে ফিটনেসের উপর বেশি কাজ করছি। যেহেতু করোনার জন্য আমরা (অনুশীলনের জন্য) উইকেট ওভাবে পাচ্ছি না। আমার বিশ্বাস, আমরা এখন উইকেট পাবো। তাহলে ব্যাটিং-বোলিং দুই অনুশীলনই হবে।’
অসংখ্য ভক্তকুলের মতো স্ত্রী তামিমাও চান আবার জাতীয় দলে খেলবেন নাসির। গত মার্চে সাংবাদিকদের এমনই জানিয়েছিলেন তামিমা, মিরপুরে সে কথাটিই মনে করিয়ে দেয়া হলে নাসির শোনালেন আশাবাদের কথা।
অক্টোবরে টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। নাসির আশা করছেন বড় কিছুর। নিজে দলে না থাকলেও তার আশা বিশ্বকাপটা দেশে নিয়ে আসুক সতীর্থরা।
‘আমি তো চাইবো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতুক। এটা ডিপেন্ড করে আসলে। খেলা হচ্ছে ১২০ বলের। ঐ ১২০ বল যারা ভালো খেলবে, ঐদিনটা যাদের ভালো থাকবে, তারাই রেজাল্ট করবে। বাংলাদেশ যদি বিশ্বকাপ জেতে, আমার মনে হয় না এটা অসম্ভব কিছু। টি-টুয়েন্টি এমন একটা খেলা, যেখানে বড় দল আর ছোট দলের মার্জিনটা অনেক কম থাকে। বিশ্বাস করি বাংলাদেশ যদি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ভালো করে, আর ভুল কম করে, তাহলে জেতার সুযোগ অনেক বেশি।’








