অ্যাশেজ সিরিজে নিষেধাজ্ঞা এড়ানোর জন্য অলরাউন্ডার বেন স্টোকসকে ইচ্ছাকৃতভাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় আদায় করা উচিত। এমন পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন।
মাঠে একের পর এক অখেলোয়াড় সুলভ আচরণের দায়ে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ইংলিশ অলরাউন্ডার স্টোকস। আর একটি ডিমেরিট পয়েন্ট পেলেই এক টেস্ট অথবা দুটি ওয়ানডে ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়বেন তিনি। ফলে অ্যাশেজ সামনে রেখে অনেকটা শঙ্কায় আছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই সদস্য।
সেই কথা মাথায় রেখেই অ্যাশেজের সময় নিষেধাজ্ঞার খড়গ থেকে বাঁচতে স্টোকসকে এখন ইচ্ছে করেই একটি ডিমেরিট পয়েন্ট অর্জনের পরামর্শ দিয়েছেন নাসের।
স্টোকস যদি চলতি সিরিজের তৃতীয় টেস্টে নিষেধাজ্ঞা পান, তাহলে অ্যাশেজ খেলতে নিশ্চিত হয়েই অস্ট্রেলিয়া যেতে পারবেন। অন্যথায় শঙ্কা নিয়েই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামতে হবে তাকে।
ডেইলি মেইলে লেখা এক কলামে নাসের বলেন, মানুষ জানে স্টোকসের প্রচুর রাগ আছে। তাই তাকে প্রতিক্রিয়া জানাতে প্রলুব্ধ করবে। তারা (অস্ট্রেলিয়া) জানবে যে, স্টোকস নিষেধাজ্ঞার মুখে রয়েছে, সুতরাং…..!
সাবেক ইংলিশ অধিনায়ক আরও বলেছেন, ‘যদি আমি তার (ইংল্যান্ড অধিনায়ক জো রুটের) জায়গায় থাকতাম তাহলে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্টের সময় তাকে আরেকটি ডিমেরিট পয়েন্ট পেতে প্রলোভন দিতাম এবং স্টোকসও নিষেধাজ্ঞার জন্য প্রয়োজনীয় চার-পয়েন্টে পেয়ে যেতেন। সেটা হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সামনের দুটি ওয়ানডেতে নিষিদ্ধ হতেন, আর তাকে ‘বিশ্রামে’ হিসাবেই দলের বাইরে রাখা যেত।’
স্টোকসকে নিয়ে হুসেইনের মতো একই আশঙ্কার কথা জানিয়েছেন আরেক সাবেক অধিনায়ক মাইকেল ভন। টেলিগ্রাফে লেখা কলামে তিনি বলেন, অস্ট্রেলিয়ায় কি করবেন? তারা স্টোকসকে ক্ষ্যাপাতে উন্মুখ হয়ে থাকবে এবং অস্ট্রেলিয়ার ব্রডকাস্টাররা টেস্টের মঞ্চে তাকে নিষিদ্ধ করতে স্টাম্প মাইক্রোফোনের ভলিউম বাড়িয়ে রাখবে।
হেডিংলিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলা টেস্টে শনিবার মাঠে ‘অসংযত মন্তব্য’ করেন স্টোকস। তার মন্তব্য স্টাম্প মাইক্রোফোন এবং ফিল্ড আম্পায়ারদের কাছে ধরা পড়ে। আইসিসির আচরণবিধির ‘ভাষা বা অশোভন অঙ্গভঙ্গি ব্যবহার’ সম্পর্কিত ধারা লঙ্ঘনের জন্য পরে স্টোকসকে একটি ডিমেরিট পয়েন্ট দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর একটি ডিমেরিট পয়েন্ট পেলেই এক থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়বেন তিনি।
ম্যাচের দ্বিতীয় দিন শতরান করেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান সাই হোপ। স্টোকসের বলে চার মেরেই সেঞ্চুরি পূরণ করেন তিনি। তখনই হোপকে লক্ষ্য করে ‘অসংযত ভাষা ও অশোভন অঙ্গভঙ্গি’ করেন এই ইংলিশ অলরাউন্ডার।
চার বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই ধরনের বিতর্কের সঙ্গে বারবার নাম উঠছে স্টোকসের। বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল ও ব্যাটসম্যান সাব্বির রহমান, ক্যারিবীয় অলরাউন্ডার মারলন স্যামুয়েলস, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং সাউথ আফ্রিকার পেসার কাসিগো রাবাদার সঙ্গে বিতর্কে জড়িয়েও সমালোচিত হয়েছেন তিনি।









