চট্টগ্রাম থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলার সুযোগ পেয়ে সৌম্য হাঁকিয়েছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ৯২ বলে ১১৭ রানের ঝলমলে ইনিংসটি চোখে লেগে থাকার মতো। ওয়ানডে দলে নড়বড়ে জায়গাটা শক্ত করেছেন তিন অঙ্ক ছুঁয়ে।
প্রথম শ্রেণির ক্রিকেটেও ধারাবাহিক হওয়ায় লিটন দাসের জায়গায় টেস্ট দলে ফেরার রাস্তা মিলেছে সৌম্যর। ওয়ানডে সেঞ্চুরির স্বস্তিদায়ক ইনিংস টেস্টে আত্মবিশ্বাস যোগাবে তো?
এমএ আজিজ স্টেডিয়ামে রোববার উইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রথম দিনের খেলা শেষে সৌম্য জানালেন, লাল বলের ব্যাটিং কেমন হবে সেটি নিয়ে আগে থেকেই ভাবনায় ডুবে থাকতে চান না।
‘আত্মবিশ্বাস বলতে, ব্যক্তিগতভাবে আলাদা কোনো পরিকল্পনা করিনি। যদি ওইটা(চিন্তা) করি, তাহলে নিজের উপর নিজের চাপ বেশি আসবে। সুযোগ পেলে উইকেটে সময় নিয়ে থাকার চেষ্টা করবো। প্রথম থেকে ভালোভাবে টিকে খাকতে হবে ইনিংস বড় করার জন্য।’
সৌম্য সরকার এক বছর পর ফিরলেন টেস্ট দলে। আগামী ২২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে এ বাঁহাতি ওপেনারের প্রত্যাবর্তন একরকম নিশ্চিতই। ১৩ সদস্যের স্কোয়াডে দ্বিতীয় ওপেনার যে কেবল ইমরুল কায়েস।







