সৌদি আরবের বাদশাহ সালমান সোমবার মধ্যরাতে ডিক্রি জারি করে সশস্ত্রবাহিনীর তিন প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। এছাড়াও ডিক্রির মাধ্যমে বিশাল রদবদল ঘটিয়ে এবারই প্রথম শ্রম মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এক নারীকে।
একদম হুট করেই জারি করা এবারের রদবদলে সেনাপ্রধান জেনারেল আবদুল রহমান আল বুনাইয়ানকে অবসরে পাঠিয়ে তার জায়গায় ফার্স্ট লেফটেন্যান্ট জেনারেল ফাইয়াদ বিন হামিদ আল-রুয়াইলিকে দায়িত্ব দেওয়া হয়েছে। পদাতিক বাহিনী ও বিমান বাহিনীর নেতৃত্বেও নতুন মুখ এসেছে।
তবে আনুষ্ঠানিকভাবে এই রদবদলের কোন কারণ এখনও জানানো হয়নি।
গার্ডিয়ান জানিয়েছে, এই আদেশে সৌদিতে প্রথমবারের জন্য অর্থনীতি ও প্রতিরক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ পদে তামাদুর বিনতে ইউসেফ আল-রামা নামের একজন নারীর নাম রয়েছে। তবে এই আদেশে অপেক্ষাকৃত তরুণদের উপমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে।
সৌদি আরবের ১৩টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে আল-জউফ, আসির ও হাইল অঞ্চলের আমির ও উপ-আমির পদে পরিবর্তন আনা হয়েছে। রিয়াদ ও মক্কার মেয়র পদেও এসেছে নতুন মুখ।
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি জোটের লড়াইয়ের তিন বছর পূর্ণ হওয়ার আগে আগে বড় এই পরিবর্তন আনা হলো।







