বাংলাদেশ

সৌদি কর্মকর্তা খালাফ হত্যাকারীর ফাঁসি কার্যকর

সৌদি কর্মকর্তা খালাফ হত্যাকারীর ফাঁসি কার্যকর

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম মামুনের ফাঁসি কার্যকর করা হয়েছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেল সুপার শাজাহান আহম্মেদ জানিয়েছেন, রোববার রাত ১০টা এক মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়েছে।

ফাঁসি কার্যকর ঘিরে কারাগার এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। এর আগে সাইফুল ইসলাম মামুনের স্বজনরা কারাগারের ভেতরে তার সঙ্গে দেখা করেন।

রাত সাড়ে ৮টার দিকে কারা অভ্যন্তরে প্রবেশ করেন কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান, উপপুলিশ কমিশনার (ক্রাইম) শরীফুর রহমান এবং সিভিল সার্জন সৈয়দ মঞ্জুরুল হক। তাদের উপস্থিতিতে সাইফুলের ফাঁসি কার্যকর করেন জল্লাদ রাজু।

সাইফুলের মরদেহ অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলার খোন্তাকাটা গ্রামে পাঠিয়ে দেয়া হয়।

২০১২ সালের ৫ই মার্চ রাজধানীর গুলশানে কূটনৈতিক এলাকায় সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলীকে গুলি করা হয়। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে তার মৃত্যু হয়। খালাফ হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ দেন আদালত।

২০১৩ সালে হাইকোর্ট সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড বহাল, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস দেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…