বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ফেরা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানে আকবর-রাকিবুলদের ঘিরে করা হবে আয়োজন।
‘আগামী সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে মাননীয় প্রধানমন্ত্রী ওদের সংবর্ধনা দেবে। এটা এই শুক্রবারই ঠিক করা হয়েছিল, আমরা এটাকে একটু পেছাতে বলেছি। তারিখটা আগামীকাল জেনে যাব। খেলোয়াড়দের অনেকেই বাড়ি যাবে। আজ রাত হয়ে গেছে, যেতে পারবে না। কাল সকালে যাবে যার যার গ্রামের বাড়ি। আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি।’
বিশ্বজয় করে সাউথ আফ্রিকা থেকে ফেরা জুনিয়র টাইগারদের নিয়ে বিসিবির আয়োজনও কম ছিল না। শের-ই-বাংলা স্টেডিয়াম ছিল আলোকসজ্জিত। খেলোয়াড়দের মিষ্টিমুখ করিয়েছেন বিসিবি কর্মকর্তারা। গলায় পরিয়ে দেয়া হয়েছে ফুলের মালা। বিশ্বকাপ ট্রফি পাশে রেখে কাটা হয়েছে কেক। ছিল নৈশভোজের আয়োজন।







