‘বিপ্লব ও সংহতি’ দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি পায়নি বিএনপি।
সোমবার বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুমতির বিষয়ে চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়াকে নিয়ে আজ (সোমবার) ডিএমপিতে গিয়েছিলাম।
“ডিএমপি থেকে বলা হয়েছে, একই দিনে দুটি রাজনৈতিক দল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছে। এছাড়াও আগারগাঁওয়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলন চলছে। তাই নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কোনো দলকেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হবে না।”
এ্যানি জানান, ডিএমপি থেকে আমাদেরকে বলা হয়েছে, ৯ নভেম্বর সিপিএ সম্মেলন শেষ হলে বিএনপি যদি পুনরায় সমাবেশের অনুমতি চায় তাহলে বিষয়টি বিবেচনা করা হবে।
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংসদ ভবনের পাশে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে সীমিত সংখ্যক নেতাকর্মী নিয়ে শ্রদ্ধা জানাতে ডিএমপি থেকে অনুমতি দেয়া হয়েছে বলে জানান এ্যানি।







