ভারতীয় দল এখন থেকে ইকনোমির বদলে বিজনেস ক্লাস ফ্লাইটে ভ্রমণ করবে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সাধারণ যাত্রীদের সেলফি যন্ত্রণা থেকে রক্ষা পেতে এবং সিটে বসার পর পায়ের সামনে কম জায়গা থাকায় খেলোয়াড়রা ফ্লাইট পরিবর্তনের প্রস্তাব দেয়।
‘সুপ্রিম কোর্ট নিযুক্ত ক্রিকেট প্রশাসক কমিটি সাম্প্রতিক এক বোর্ড সভায় খেলোয়াড়দের প্রস্তাবটি মেনে নেয়। এখন থেকে সব ক্রিকেটার সিরিজের আগে-পরে বিজনেস ক্লাসে ভ্রমণের সুযোগ পাবেন।’এনআইকে বলেন বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সিকে খান্না।
এর আগে ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব ভারতীয় বোর্ডকে বিমান কেনার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেন এই পদক্ষেপ ভ্রমণের সময় বাঁচাবে। তাতে ব্যস্ত শিডিউলে ক্রিকেটাররা একটু বেশি চাঙ্গা থাকতে পারবে।
‘সামনের দিনগুলোতে খেলোয়াড়রাও ব্যক্তিগত উদ্যোগে প্লেন কিনবে বলে আমি বিশ্বাস করি। যুক্তরাষ্ট্রে শীর্ষ গলফারদের নিজস্ব প্লেন আছে। আমাদের খেলোয়াড়দের না কেনার কোনো কারণ দেখি না। এতে তাদের অনেক সময় বাঁচবে।’ টাইমস অব ইন্ডিয়াকে বলেছিলেন কপিল।
নিউ জিল্যান্ডকে ওডিআই এবং টি-টুয়েন্টিতে হারিয়ে কোহলি বাহিনী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। কলকাতার ইডেন গার্ডেনে ১৬ নভেম্বর থেকে শুরু হবে সিরিজটি।








