সেলফিতে নিরাপত্তাহীন!

অনেক খাটাখাটির পর পছন্দের তারকাকে সামনে পেয়ে ভক্তরা একটা সেলফি তোলার জন্য অনুরোধ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ভক্তের এমন অনুরোধ যদি তারকা ফিরিয়ে দেন, তাহলে স্বাভাবিক ভাবেই মন ভেঙ্গে যায় ভক্তের। তবে এই কাজটা হরহামেশাই এমা ওয়াটসন করে থাকেন। তার ভক্তদের সাথে তিনি পারতপক্ষে সেলফি তোলেন না।
অবশ্য জাস্টিন বিবার এবং জেনিফার লরেন্সের মতো তিনি কেন ভক্তদের সাথে সেলফি তোলেন না, সেই ব্যাখ্যা দিয়েছেন এমা ওয়াটসন। তিনি জানিয়েছেন, নিরাপত্তার জন্য ভক্তদের সাথে সেলফি তুলবেন না তিনি। ভক্তদের সাথে সেলফি তুললে ব্যক্তিগত নিরাপত্তা থাকে না। কারণ কোনও ভক্ত সামাজিক মাধ্যমে সেলফি পোস্ট করলে তিনি কোথায় অবস্থান করছেন, তার সাথে কে আছে এবং তিনি কী পোশাক পরে আছেন, সব তথ্য প্রকাশ হয়ে যায়। ব্যক্তিগত এই তথ্যগুলো প্রকাশ হলে যে কেউ তাকে অনুসরণ করতে পারে।

এমা ওয়াটসন বলেন, ‘আমি শুধু সেলফি তুলব না, তার বদলে ভক্তের সাথে হ্যারি পটারের আলাপ করতে পারি।’
তবে ব্যতিক্রমের কথাও জানালেন ২৬ বছর বয়সী এই তারকা। তার মতে, তিনি কার সাথে সেলফি তুলবেন, সেটা সম্পূর্ণ তার ইচ্ছার উপর নির্ভর করবে। তিনি যখন নিরাপদ মনে করবেন, তখন সেলফি তুলতে রাজি হবেন। বিশেষ করে শিশুদেরকে তিনি সাধারণত ‘না’ বলেন না। ইয়াহু নিউজ।



