জিম্বাবুয়ের রাজধানী হারারের রাজপথ দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার স্থানীয় সময় ভোরের দিকে শহরের দক্ষিণাঞ্চল থেকে ভারী গোলাগুলির আওয়াজও পাওয়া গেছে।
সেনাপ্রধানের দুর্নীতি নির্মূলের ঘোষণাকে জিম্বাবুয়ের ক্ষমতাসীন দল ‘রাষ্ট্রদ্রোহের শামিল’ বলার পরেই এই পরিস্থিতি দেখা দিয়েছে।
তবে জিম্বাবুয়ের সেনাবহিনী প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সরকার উৎখাত কিংবা ক্ষমতা গ্রহণের চেষ্টা করছে না বলেও জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এজবিসি’র নিয়মিত অনুষ্ঠান সম্প্রচার থামিয়ে জাতির উদ্দেশ্যে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সেনা কর্মকর্তা মেজর জেনারেল সিবুসিসো মোয়ো আশ্বস্ত করেন, প্রেসিডেন্ট মুগাবে ও তার পরিবারের সব সদস্য নিরাপদে আছেন।

মোয়োর দাবি, প্রেসিডেন্টের আশপাশে থেকে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবং দেশটিতে সামাজিক ও অর্থনৈতিক ভোগান্তির সৃষ্টি করছে শুধু তাদের চিহ্নিত ও প্রতিহত করতেই সেনাবাহিনী ব্যারাক ছেড়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আমাদের মিশন সফল হওয়ার সাথে সাথেই পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা আশা করছি।’
অন্যদিকে দেশটির একজন সরকারি কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, অর্থমন্ত্রী ইগনাটিয়াস চোম্বোকে সেনাবাহিনী গ্রেফতার করেছে।







