মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা মাসুম আজিজ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। মাসুম আজিজের স্ত্রী সামিহা জামান আজ বুধবার বলেন, ‘১ মে তার (মাসুম আজিজ) হার্টের চারটি ব্লকে বাইপাস সার্জারি করা হয়। আজ তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করার সম্ভাবনা আছে। এখন তিনি ভালো আছেন, স্বাভাবিক খাবার খাচ্ছেন, কথা বলছেন।’
মাসুম আজিজ দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছেন। ২১ এপ্রিল হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। এখানে অ্যানজিওগ্রাম করার পর জানা যায়, মাসুম আজিজের হার্টের ধমনীতে একাধিক ব্লক রয়েছে। তাকে হার্টের দ্রুত অস্ত্রোপচার করতে হবে। ২৮ এপ্রিল তিনি বাসায় ফেরেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৩০ এপ্রিল তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই মাসুম আজিজের হার্টের অস্ত্রোপচার করা হয়।
অভিনেতা মাসুম আজিজ ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে রয়েছেন। ডা. জাহাঙ্গীর কবির জানান, ‘মাসুম আজিজের হার্টে সফলভাবে বাইপাস সার্জারি করা হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত। তবে আরও কিছুদিন তাকে হাসপাতালে থাকতে হবে।’
ছবি : সংগৃহীত








