আওয়ামী লীগের প্রয়াত বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে অনুষ্ঠিত এক সভায় দলটির সভাপতি মন্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘প্রখ্যাত পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত সংসদীয় রীতি-নীতি শেখার জন্য আমাদের শিক্ষকের মত ছিলেন।’
রাজধানীরপাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির উদ্যোগে আয়োজিত ওই সভায় তিনি আরো বলেন, ‘বাজেট অধিবেশনে ও পয়েন্ট অব অর্ডারে কিভাবে বক্তৃতা দিতে হয়, সংসদে কিভাবে প্রশ্ন করতে হয় এবং স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে হয় তা তিনি শেখাতেন।’
“তাকে (সুরঞ্জিত সেনগুপ্ত) দেখে আমরা সংসদে পারফর্ম করতাম। তিনি একজনই সুরঞ্জিত সেনগুপ্ত। তার মতো আর একজন পার্লামেন্টেরিয়ান পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে।”
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নবীন সংসদ সদস্যদের সংসদীয় রীতি-নীতি শেখানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরঞ্জিত সেনগুপ্তকে অনুরোধ করেছিলেন জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত জনসভায় বক্তব্য দেয়ার সময় ছিলেন সুপারস্টার। বক্তব্য দেয়ার সময় তার নাটকীয়তা ও অঙ্গ-ভঙ্গি ছিল সভ্যতাপূর্ণ।’
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, মুহিবুর রহমান মানিক এমপি ও প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সহ-ধর্মনী জয়া সেনগুপ্তা বক্তব্য রাখেন।








