সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন ধ্বংসাত্মক কাজের পরিকল্পনা ছিল গ্রেপ্তার হওয়া জেএমবি’র নারী সদস্যের। রাজধানীর কাজীপাড়া এলাকা থেকে নব্য জেএমবি’র এক সক্রিয় নারী সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেররিজম বিভাগ।
গ্রেপ্তার হওয়া নারী সদস্যের নাম আসমাউল হুসনা ওরফে সুমনা (২২)। এ সময় তার বাসায় তল্লাশী চালিয়ে ১ টি চাকু, ১ টি ল্যাপটপ ও ২ টি মোবাইল উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) সুমন কান্তি চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, সিটিটিসি সূত্রে জানা যায় গত ৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার উত্তর মেলবোর্নে এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাত করার ঘটনায় বাংলাদেশী এক নারী শিক্ষার্থীকে আটক করে স্থানীয় পুলিশ। যার নাম মোমেনা সোমা (২৪) । ঘটনাটি বিভিন্ন দেশী বিদেশী গণমাধ্যমে প্রকাশিত হয় ।
এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ডিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগের একটি টিম গত ১২ ফেব্রুয়ারি মিরপুর কাজীপাড়াস্থ মোমেনার বাসায় যান ।
জিজ্ঞাসাবাদের মাধ্যমে তথ্য সংগ্রহের এক পর্যায়ে মোমেনা সোমার ছোট বোন আসমাউল হুসনা আকষ্মিকভাবে হাতে চাকু নিয়ে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগের টিমের সদস্যদের উপর আক্রমণ চালায় । এতে একজন সদস্য আহত হন । তাৎক্ষনিকভাবে উপস্থিত মহিলা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমাউল হুসনা নিজেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করে।
সে আরও জানায়, জঙ্গিদের অনলাইন কেন্দ্রিক বিভিন্ন ভিডিও এবং ফেসবুক পেজ দেখে তথাকথিত জিহাদে উদ্ভুদ্ধ হয়ে নব্য জেএমবি’র সদস্য হয়েছে । এছাড়া সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন ধ্বংসাত্মক কাজ করার পরিকল্পনাও তার ছিল।










