এক বলে রান দরকার মাত্র ১, স্ট্রাইকে অভিজ্ঞ রস টেলর। কোনরকমে খোঁচা দিয়ে দৌড়াতে পারলেই চলত! সেখানে সজোরে ব্যাট চালাতে গিয়ে বোল্ড টেলর। নিউজিল্যান্ডের প্রায় জেতা ম্যাচটা গড়াল সুপার ওভারে। সেখানেও ভাগ্য খোলেনি বিশ্বকাপে সুপার ওভারের নাটকে শিরোপা ছুঁতে না পারা কিউইদের।
সুপার ওভারে অভিজ্ঞতার সবটুকু ঢেলে দিয়ে ভারতকে ম্যাচ জিতিয়েছেন রোহিত শর্মা। সঙ্গে নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচ হাতে রেখে কোহলির দল জিতে নিয়েছে পাঁচ টি-টুয়েন্টির সিরিজও।
হ্যামিল্টনে বুধবার প্রথমে ব্যাট করে ভারত রান তুলেছিল ৫ উইকেটে ১৭৯। জবাবে জিততে শেষ ৪ বলে কেবল ২ রান হলেই চলতো নিউজিল্যান্ডের। মোহাম্মদ শামির ওই ওভারের শেষ চার বলে স্বাগতিকরা রান তুলেছে ১টি, উইকেট হারিয়েছে ২টি।
শেষপর্যন্ত ৬ উইকেটে কিউইরা ১৭৯ রান পর্যন্ত যেতে পারল ঠিকই, কিন্তু ম্যাচটা সুপার ওভারে। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারে গিয়ে টাই করেও হারতে হয়েছিল বাউন্ডারি সংখ্যার আইনের কাছে, পরে সেই ফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ডের কাছে আরেকটি সুপার ওভারে কপাল পুড়েছিল নিউজিল্যান্ডের। কোহলিদের বিপক্ষে হতাশ হতে হল আরেকবার।
সুপার ওভারে ম্যাচ জেতানো রোহিত শর্মা শুরুতে গড়ে দিয়েছেন ভারতের বড় রানের ভিত্তি। ওপেনিংয়ে সঙ্গী লোকেশ রাহুলকে নিয়ে ৯ ওভারে তোলেন ৮৯ রান। জুটিতে রাহুলের অবদান ১৯ বলে ২৭। নবম ওভারের শেষ বলে রাহুল ফিরে গেলে বেশিক্ষণ থাকেননি রোহিতও। ৩ ছক্কা ও ৬ চারে ৪০ বলে ৬৫ করে আউট হন এ ডানহাতি হিটম্যান।
রোহিত আউট হলে বাকিরা তেমন কিছু করতে না পারলেও ভালো রানই পায় ভারত। অধিনায়ক কোহলি ৩৮, শ্রেয়াস আয়ারের ১৭ রানের ছোট ইনিংসে জমে চ্যালেঞ্জিং সংগ্রহ।
লক্ষ্য তাড়ায় নেমে নিউজিল্যান্ড একসময় সহজ করে আনে কঠিন পথ। যার পুরোভাগে নেতৃত্ব দিয়েছেন স্বাগতিক দলপতি কেন উইলিয়ামসন। বাকিদের গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর রাতে ৪৮ বলে ৯৫ রানের ঝলমলে ইনিংস খেলে আউট হয়েছেন তিনি।
শেষ করে না আসতে পারার জন্য একঅর্থে দোষটা আবার উইলিয়ামসনেরও। শেষ ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে যখন আউট হলেন, দলের দরকার ছিল ২ রান। তাড়াহুড়োর দরকার ছিল না! এতদূর টেনে আনা ম্যাচে সাফল্য ছুঁয়ে আসাই যেত!
সুপার ওভারে প্রথমে ব্যাট করেছে নিউজিল্যান্ড। নামেন উইলিয়ামসন, সঙ্গে মার্টিন গাপটিল। দুজনে মিলে রান তোলেন ১৭। এখানেও নায়ক কিউই অধিনায়ক। একটি করে ছয়-চারে লড়ার মতো সংগ্রহ আনেন তিনি। জবাবে প্রথম চার বলে ৮ রান তোলা ভারতকে শেষ দুই বলে দুই ছক্কায় ১২ রান এনে দিয়ে নায়ক রোহিত।







