সীমান্তে পাকিস্তানি বাঙ্কার ধ্বংসের দাবি ভারতের, পাকিস্তানের অস্বীকার

সম্প্রতি কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের রাজৌরিতে তাদের একাধিক সেনাচৌকি ও বাঙ্কার গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ভারত। জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশ রুখতেই এই হামলা চালানো হয় বলে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে। তবে ভারতের এ দাবি পাকিস্তান প্রত্যাখ্যান করেছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারতের সেনাবাহিনী আজ কথিত ওই হামলার ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, প্রবল শব্দে বিস্ফোরণ হচ্ছে। বিস্ফোরণের পর সেখান থেকে অন্ধকার করে আসা ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ভারত এই অভিযানে বাঙ্কার বিধ্বংসী অস্ত্র, রকেট লাঞ্চার ও ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।
চলতি মাসের শুরুতে ভিডিওটি ধারণ করা ভারতীয় সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। পাকিস্তানি চৌকিগুলো সক্রিয়ভাবে সন্ত্রাসীদের প্রবেশে সহায়তা করে।’
তবে হামলার এই ভিডিও চিত্র প্রকাশের পরপরই পাকিস্তান এটি প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় বলেন, ভারত নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের সেনাচৌকিতে হামলার যে দাবি করেছে, তা পুরোপুরি মিথ্যা।



