খুব কম বয়সেই অনেক সময় শিশুরা মানসিকভাবে খুব চাপের সম্মুখীন হয়। নানা কারণেই হতে পারে এমনটা। মানসিক কিংবা শারীরিক নির্যাতন, অবহেলা, বাবা-মায়ের দাম্পত্য কলহ, বিচ্ছেদ, ঝগড়া, মানসিক সমস্যা ইত্যাদি নানা কারণে শিশুদের কোমল মনে আতঙ্কের সৃষ্টি হয়। এসব শিশুদের পাশে থেকে তাঁদেরকে স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করার জন্য নতুন উদ্যোগ নিয়েছে শিশুদের শিক্ষামূলক বিনোদন অনুষ্ঠান সিসিম স্ট্রিট। এবার মাপেটরা শিশুদেরকে শেখাবে কীভাবে আতঙ্ক এবং মানসিক চাপ কাটিয়ে তোলা যায় সেই বিষয়ে।
সিসিম স্ট্রিটের চরিত্র রোজিতা দেখায় কীভাবে বালিশে ঘুষি দিয়ে হতাশা কাটানো যায়। কাউন্ট দেখায় কীভাবে গণনার মাধ্যমে নার্ভগুলোকে শান্ত রাখা যায়। একটি ভিডিওতে বিগ বার্ড দেখায় কল্পনার মাধ্যমে নিরাপদ স্থান খুঁজে নেয়ার কৌশল। আর জনপ্রিয় চরিত্র এলমো কম্বল দিয়ে দুর্গ তৈরি দেখায়। খুব ভয় লাগলে দুর্গে নিজেকে লুকিয়ে রাখে এলমো।
ভিডিও সিরিজটি ওয়াইডার সিসিম ওয়ার্কশপ ইনিশিয়েটিভ এর একটি অংশ। তাঁরা অনলাইনে বিনামূল্যে পড়ার জন্য ইংরেজি এবং স্প্যানিশ ভাষায় লেখা, গেম এবং বিভিন্ন অ্যাকটিভিটিস শেয়ার করে থাকে। সমাজ সেবী এবং শিশুদের সুশিক্ষার তারা এই উদ্যোগ নিয়েছেন যাতে শিশুরা তাঁদের আতঙ্ক সৃষ্টিকারী ঘটনাগুলো থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এই উদ্যোগের সঙ্গে জড়িত আছেন একাধিক মনোবিদ, শিক্ষক, উপদেষ্টা এবং এসিই বিশেষজ্ঞ।
লাস ভেগাসের হত্যাকাণ্ড ঘটার পরে গত শুক্রবার সিসিম স্ট্রিট এই প্রজেক্ট শুরু করে। গত ১ অক্টোবর রাতে লাস ভেগাসের ম্যান্ডাল বে হোটেলের ৩২ তলা থেকে একটি কনসার্টে ৬৪ বছর বয়সী স্টিফেন প্যাডকের ছোড়া নির্বিচার গুলিতে ৫৯ জন নিহত ও অন্তত ৫২৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকের বয়সই ১৮ এর কম ছিল। আবার অনেক শিশু তাঁদের চোখের সামনে ভয়াবহ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এবং মানসিক আঘাত পেয়েছে। যেকোনো মানসিক আঘাতের কারণে পরবর্তীতে শিশুদের শারীরিক ও মানসিক সমস্যা এবং সন্ত্রাসে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সিসিম স্ট্রিট শিশুদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এই উদ্যোগ গ্রহণ করেছে। -হাফিংটন পোস্ট।







