বিনোদন

সিলেটে পাওয়া যাচ্ছে ‘বুবলী আইসক্রিম’

আইসক্রিমের গুণগত মান ঠিক রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানালেন নায়িকা বুবলী...

সিলেটে পাওয়া যাচ্ছে ‘বুবলী আইসক্রিম’

নব্বই দশকে চিত্রতারকাদের নামে ভিউকার্ড, চকলেট, বিস্কুট কিংবা ঝালমুড়ি’র নামকরণ করা হতো। এখন এসব আর দেখাই যায় না। তবে সম্প্রতি পাওয়া গেল ব্যতিক্রম এক খবর, চিত্রনায়িকা শবনম বুবলীর নামে বাজারে পাওয়া যাচ্ছে ‘বুবলী আইসক্রিম’।

সিলেটের বিভিন্ন বাজারে শিক্ষার্থী, শিশু কিশোররা হুমড়ি খেয়ে কিনছে সেই আইসক্রিম।  শনিবার আইক্রিমের কিছু লোগো এবং শিশুদের ছবি নিজের ফ্যান পেজে শেয়ার করে বুবলী বলেন, ‘ভক্তদের ভালোবাসায় আমি অভিভূত ও আবেগাপ্লুত হই। আজ আবার সিলেটবাসীর কাছে কৃতজ্ঞ হলাম। আমার নাম ও ছবি দিয়ে সিলেটে বুবলী আইসক্রিম পাওয়া যাচ্ছে।

তিনি লেখেন, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। এত অল্প সময়ে আপনারা আমাকে আপন করে নিয়েছেন ভেবে ভালো লাগছে। এই অনুপ্রেরণা আমার আগামী দিনের পথচলায় আরো বেশি শক্তি জোগাবে।

আইসক্রিমের গুণগত মান ঠিক রাখার তাগিদ দিয়ে বুবলী তার ফ্যান পেজে লিখেছেন, ‘সিলেট থেকে ছবিগুলো পাঠিয়েছেন যেসব ভাইরা, তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আর অনুগ্রহ করে বুবলী আইসক্রিম-এর গুণগত মান সঠিক আছে কিনা, তা আশা করছি নিশ্চিত করবেন।’

২০১৬ সালে সংবাদ পাঠিকা থেকে নায়িকা হয়েই সাফল্য পেয়েছেন শবনম বুবলী। ‘শ্যুটার’ ও ‘বসগিরি’ দিয়ে যাত্রা শুরু করে একে একে করেছেন ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’ ছবিগুলোতে। বর্তমানে তিনি কাজ করছেন শাকিব খান অভিনীত ও প্রযোজিত ছবি পাসওয়ার্ডে। আসন্ন ঈদে ছবিটি মুক্তি পাবে।

ছবি: বুবলীর ফেসবুক পেইজ থেকে সংগৃতি

বিষয়:আইসক্রিম শবনম বুবলী শাকিব খান সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…