সিরিয়ার রাজধানী দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ান আর্মির স্থাপনার ওপর কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসএনএনএ।
সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবরে জানানো হয়, বৃহস্পতিবার খুব ভোরে ওই হামলা চালানো হয়।ভিডিও চিত্রে দেখা যায় বিমানবন্দর চত্বরে অবস্থিত জ্বালানি তেলের কয়েকটি ট্যাংক এবং একটি গোলাবারুদের গুদামে আগুন জ্বলছে।
তবে ইসরাইলের দাবি, সিরিয়া সরকারের মিত্র ইরান এবং ইরানের আশ্রয়ে সেখানে তৎপর লেবানন ভিত্তিক হিজবুল্লাহ স্থাপনা লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে।
লেবাননের আল-মানার চ্যানেল জানিয়েছে, ইসরাইলের হামলার ফলে বিস্ফোরণের শব্দে এলাকা প্রকম্পিত হয় এবং আগুন দেখা গেছে।
এর আগেও দামেস্ক বিমানবন্দরে এবং তার আশেপাশের ঘাঁটিগুলোতে হামলা চালায় ইসরাইল। ২০১৪ সালের ডিসেম্বরে একই বিমান বন্দরে হামলা করেছিল ইরান বিরোধী দেশটি।








