সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোতে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামে মসজিদে বিমান হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৪২ জন মুসল্লি। আহত হয়েছেন আরো অনেকে। নিহতদের অধিকাংশই স্থানীয় বেসামরিক নাগরিক। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থার প্রধান রামি আবদেল রহমান জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার আলেপ্পো প্রদেশের আতারিবের আল-জিনেহ এলাকায় এ বিমান হামলা হয়। হামলার সময় মসজিদটিতে মুসল্লিরা নামাজ আদায় করছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
তবে এ হামলার পেছনে কারা দায়ী, প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট এলাকায় রুশ ও সিরিয়ার সরকারি বাহিনীর বিমানগুলো নিয়মিত টহল দেন। অন্যদিকে মার্কিন বাহিনীও আলোপ্পো ও পাশ্বর্বর্তী ইদলিবে আল কায়েদা ঘাঁটি লক্ষ্য করে বিভিন্ন সময় বিমান হামলা চালিয়ে থাকে। তবে এবারের হামলায় রুশ, মার্কিন নাকি দেশটির সরকারি বাহিনী জড়িত, তা নিশ্চিত নয়।
মাত্র ১ দিন আগে সিরিয়ার রাজধানী দামেস্কের আদালত প্রাঙ্গণে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হন। এর পরপরই আলেপ্পোতে মসজিদে হামলার ঘটনা ঘটল। টানা ৬ বছর ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। এ কারণে এখন পর্যন্ত ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ঘরহারা হয়েছেন আরো অন্তত ১ কোটি ১০ লাখ মানুষ।








