সিরিয়ায় আত্মঘাতী ট্রাকবোমা হামলায় নিহত ৫০

সিরিয়ায় আত্মঘাতী ট্রাকবোমা হামলায় প্রায় ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের তুরস্কের সীমান্তবর্তী কুর্দি অধ্যুষিত কামিশলি শহরে ওই হামলার ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একটি বিস্ফোরকবাহী ট্রাক দিয়ে প্রথম হামলাটি চালানো হয়। এর কয়েক মিনিট পরই বিস্ফোরক দিয়ে মোড়ানো একটি মোটরসাইকেল দিয়ে চালানো হয় দ্বিতীয় হামলা।
মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কামিশলি শহরে স্থানীয় কুর্দিদের পুলিশ স্টেশন এবং সরকারি ভবন লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
হামলার দায় স্বীকার করেছে আইএস। ওদিকে, ইরাকের বাগদাদে পুলিশের চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
হামলাকারী বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটালে হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ওই হামলার দায় কেউ স্বীকার করেনি।






