সিটি নির্বাচন: বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুমকি

পাঁচ বছর আগে ভুল সিদ্ধান্তের জবাবে নৌকার পক্ষে রাজশাহীতে সত্তুরের গণজোয়ার শুরু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন। বিএনপি‘র নির্বাচনী অপপ্রচারের বিরুদ্ধে আইসিটি আইনে মামলাও করেছে মহানগর আওয়ামী লীগ।
অন্যদিকে নির্বাচনের আগে কোনো গ্রেপ্তার হলে থানা ঘেরাও এবং নির্বাচনের দিন কেন্দ্র দখল হলে নির্বাচন বয়কট করে পাল্টা দখলের ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।
শেষ পর্যন্ত দেখে নেয়ার কথা বলে শনিবার নগরীর বিভিন্ন পয়েন্টে শেষ দিনের প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী। তার অভিযোগ, এখন পর্যন্ত ৩৮ জন নির্বাচনী এজেন্টসহ দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। প্রশাসনকে সতর্ক করে এবং ইসিকে হুঁশিয়ার করে তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু না হলে আসবে পাল্টা প্রতিরোধ।
বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন। তিনি বলেছেন, প্রায় ৮০ হাজারের ভোটের ব্যবধানে নৌকাকে বিজয়ী করবে এই শহর। গত পাঁচ বছর আগের ভুল সিদ্ধান্তের অনুশোচনা থেকেই ধানের শীষকে বর্জন করবে রাজশাহীবাসী।
রাজশাহীর মোট ভোটার তিন লাখ ১৮ হাজার। এর মধ্যে যোগ হয়েছে ২২ হাজার নতুন ভোটার।






