আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী কাজ করার বিষয়ে সিইসি যে বক্তব্য দিয়েছেন তা সংকট বাড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
দুদু বলেন: সুষ্ঠু নির্বাচনের জন্য একটি রাজনৈতিক দল যদি নির্দেশনা দেয় তাহলে সেখানে কতোটা সুষ্ঠু নির্বাচন হবে তাতে শঙ্কা রয়েছে। নির্বাচন কমিশন কোন দলের নির্দেশনা মেনে কাজ করতে পারে না। তবে প্রধান নির্বাচন কমিশনার একটু বেশিই বলে ফেলেন।
নির্বাচন কমিশনের সংলাপের অংশ হিসেবে বুধবার আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসে সূচনা বক্তব্যে সিইসি বলেন: আগামী নির্বাচন সুষ্ঠু করতে আওয়ামী লীগ যে নিদের্শনা দেবে সে অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) কাজ করবে।
সিইসির এমন বক্তব্যের সমালোচনা করে দুদু চ্যানেল আই অনলাইনকে বলেন: কোনো রাজনৈতিক দলের নির্দেশনায় সিইসি কাজ করতে পারে না। তিনি কেন এই কথা বলেছেন। এটা ভাবনার বিষয়।
‘যদিও তিনি একসময় আওয়ামী লীগের ছাত্র সংগঠন করেছেন। সেই আবেগ থেকে এসব কথা বলেছেন কি না তা জানি না! সিইসি যদি আওয়ামী লীগের নির্দেশনা মানেন, তাহলে আরও ২৫টি রাজনৈতিক দলের নির্দেশনাও তাকে মানতে হবে।’
নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আওয়ামী লীগ যে ১১ দফা প্রস্তাব দিয়েছে সে বিষয়ে দুদু বলেন: আওয়ামী লীগ এ ধরণের প্রস্তাবনা দিতেই পারে। তারা এসব আগেও বলেছে। কিন্তু সিইসি কোন রাজনৈতিক দলের নির্দেশনায় কাজ করতে পারে না।







