বাংলাদেশের মেয়েদের কাছে পাত্তাই পেল না আয়ারল্যান্ডের মেয়েরা। আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের অনুশীলন ম্যাচে আইরিশদের ৬ উইকেটে হারিয়েছেন সালমা-জাহানারারা।
টস জিতে আয়ারল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। রুমানা-জাহানারাদের বোলিং তোপে ৭ উইকেটে হারিয়ে ৮৪ রানের বেশি করতে পারেনি আইরিশরা। সর্বোচ্চ ৩৫ রান করেন টেলের দিকের ব্যাটসম্যান কিম গার্থ। আয়ারল্যান্ডের আর কোনো ব্যাটসম্যানই কুড়ির ঘর স্পর্শ করতে পারেননি। পাঁচজন আউট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে।
বাংলাদেশের হয়ে রুমানা আহমেদ ১০ রানে তিনটি, জাহানারা আলম ১১ রানে দুটি উইকেট নেন। খাদিজাতুল কুবরা নেন একটি উইকেট।
সহজ টার্গেটে তাড়া করতে নেমে ভালো শুরু এনে দেন দুই ওপেনার শামীমা সুলতানা ও আয়শা রহমান। দুজনে মিলে তোলেন ৩৭ রান। আয়শা ২৫, আর শামীমা করেন ৯ রান।
মাঝে নিগার সুলতানা ও রুমানা আহমেদ শূন্য রানে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে ফারহানা হকের অপরাজিত ২১ ও সানজিদা ইসলামের অপরাজিত ২০ রানে ৩২ বল আর ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় টিম টাইগ্রেস।









