সালমান শাহের ব্যবহৃত সেই গাড়ি পেয়ে আবেগাপ্লুত সাইমন

A man wearing sunglasses and a floral shirt sitting in a white sports car with gull-wing door open, parked on the street. Channel i News – চ্যানেল আই নিউজ
সালমান শাহ প্রয়াত হয়েছেন ২৪ বছর আগে। তবে এখনও রয়েছে তার ব্যবহৃত গাড়িটি। শুটিংসহ ব্যক্তিগত কাজে এ গাড়ি ব্যবহার করতেন সালমান শাহ। সেই গাড়ির দেখা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এ প্রজন্মের চিত্রনায়ক সাইমন সাদিক।
কিছুদিন আগে এক বন্ধুর মাধ্যমে সালমান শাহের গাড়ির খোঁজ পান সাইমন সাদিক। আজ (রবিবার) তিনি তা দেখতে যান।
চ্যানেল আই অনলাইনকে সাইমন বলেন, প্রায় ১ ঘন্টা সালমান শাহের সেই গাড়ির পাশে ছিলাম। নিজে কিছুক্ষণ ড্রাইভ করেছি। খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। সালমান শাহকে সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু তার ব্যবহৃত গাড়ির স্পর্শ নিয়ে মনে হচ্ছিল যেন তাকে ছুঁয়ে ফেললাম।

সালমান শাহের গাড়ি দেখে এক অদ্ভুত অনুভূতি হয়েছে জানিয়ে আবেগাপ্লুত সাইমন বলেন, গাড়ির রঙও বদলে ফেলা হয়েছে। এটা ভেবে আরো কষ্ট পাচ্ছিলাম। সালমান শাহের ভক্ত হিসেবে আমাদের যে ভালোবাসা আর আবেগ, তা যদি সালমানের পরিবারের কারও থাকতো তাহলে হয়তো এই গাড়িটা তার বাড়িতেই থাকতো।
সাইমন তার বন্ধু সাকিব শুভকে ভালোবাসা জানিয়েছেন, এ অনুভূতির সম্মুখীন করার জন্য। সাইমন এও জেনেছেন, গাড়িটি যখন সালমান শাহ ব্যবহার করতেন তখন তা ছিল ছাই রংয়ের। পরে রাজধানীর মোহাম্মদপুরের একজন ওই গাড়িটি কিনেছেন অনেকবছর আগে। রঙের পাশাপাশি গাড়ির অনেককিছু পরিবর্তন করেছেন ওই ব্যক্তি।

সাইমন বলেন, গাড়িটি উনি ৯ লাখ টাকায় কিনেছিলেন। আমি আরও বেশি দামে কিনতে চাইলে বর্তমান মালিক রাজি হয়নি। সাইমন মনে করেন, সালমান শাহের স্মৃতি হিসেবে তার ব্যবহৃত গাড়িটি যদি কোনোভাবে সংরক্ষণ করা যেত তবে ৯ কোটি টাকা দিয়েও হয়তো অনেকে কিনতে চাইতেন।






