গাড়ি চাপা দিয়ে পালানোর মামলায় সালমান খানকে খালাস দেয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে ভারতের মহারাষ্ট্র সরকার।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বুধবার জানিয়েছেন, ২০০২ সালের গাড়ি চাপা দেয়ার মামলা থেকে সালমান খানকে খালাস দেয়া হাইকোর্ট আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে যাচ্ছেন তারা।
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ফুটপাথে মানুষ হত্যার পরও সালমান খানের বেকসুর খালাস নিয়ে উত্তেজনা বিরাজ করছে মহারাষ্ট্রে। তদন্তে ত্রুটির বিতর্ক এড়াতে চাপের মুখে মহারাষ্ট্র সরকার সালমানকে দেয়া হাইকোর্ট আদেশের বিরুদ্ধে শেষমেষ সুপ্রিম কোর্টের যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তেরো বছর আগে ২৮ সেপ্টেম্বর রাতে হঠাৎই বান্দ্রার ফুটপাথে উঠে পড়ে বলিউড অভিনেতা সালমানের গাড়ি। নিহত হন একজন। আহত হন চারজন। ঘটনার পরই সালমানকে গ্রেফতার করে বান্দ্রা পুলিশ। যদিও মামলার ধারাটির ফাঁক গলে দ্রুত জামিন পেয়ে যান। এরপর সালমানের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়। বান্দ্রা থানায় তিনি আত্মসমর্পণ করেন। তিনদিন পর জামিন পান। দীর্ঘদিন ধরে চলে আইনি লড়াই। এ বছর মে মাসে যা নতুন মোড় নেয়। গত ৬ মে সালমানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সাজা দেয় মুম্বইয়ের নগর দায়রা আদালত।
দু’দিন পর সাজায় স্থগিতাদেশ দেয় মুম্বাই হাইকোর্ট। এরপরও কয়েক মাস ধরে শুনানি চলে। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যান সালমান।
গাড়ি চাপা দিয়ে পালানোর মামলায় যথেষ্ট প্রমাণ না থাকায় ১০ ডিসেম্বর বেকসুর খালাস পান আলোচিত সালমান।







