সার্চ কমিটির আহ্বানে নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিত নামের তালিকা জমা দিয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ (ইনু), ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিশ, ন্যাপ, এলডিপি এবং বিজেপিসহ ২৪টিরও বেশি দল। রাষ্ট্রপতির সঙ্গে যে ৩১টি দল বৈঠক করেছিল তারাই নাম জমা দিচ্ছে।
৮ ফেব্রুয়ারির মধ্যে জমা দেয়া নাম থেকে যাচাই-বাছাই করে ৫ জনের নামের সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে সার্চ কমিটি।
মঙ্গলবার সকাল ১০টার পর থেকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন ও বিধি) কাছে নামের তালিকা জমা দেয়া শুরু হয়। তবে নির্বাচন কমিশনার হিসেবে কমিটিকে কাদের নাম দেয়া হয়েছে তা জানা যায়নি।
আওয়ামী লীগের পক্ষ থেকে আবদুস সোবহান নাম জমা দিয়ে সাংবাদিকদের বলেন, যারা ত্যাগী এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষে, তাদের নামই জমা দেয়া হয়েছে।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে রুহুল কবীর রিজভীর নেতৃত্বে একটি দল সচিবালয়ে নাম জমা দিতে যায়। আলোচনার ভিত্তিতেই নামগুলো সুপারিশ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান রিজভী। তিনি বলেন, বর্তমান সার্চ কমিটির ওপর দলের আস্থা না থাকলেও গণতন্ত্র রক্ষা এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য প্রক্রিয়াটিতে তারা অংশ নিয়েছেন।
তবে জাসদ (রব) দলটি নামের বদলে মতামত জমা দিয়েছে। তাদের মতে, এভাবে রাষ্ট্রপতির কাছে নাম জমা দেয়া যুক্তিযুক্ত নয়।
মোট ৩১টি রাজনৈতিক দলের কাছ থেকে নামের তালিকা সংগ্রহের সময় মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত বাড়িয়েছে ইসি পুনর্গঠনের সার্চ কমিটি। সোমবারই নির্বাচন কমিশন পুনর্গঠনে কমিটি রাজনৈতিক দলগুলোকে পাঁচটি করে নাম প্রস্তাব করতে সময় বাড়ায়।
প্রথমে নাম দেয়ার জন্য ৩১ জানুয়ারি বেলা ১১টা পর্যন্ত সময় ছিল। পরে তা চার ঘণ্টা বাড়িয়ে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়।
আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় সার্চ কমিটির পরবর্তী বৈঠক হবে। কমিটি ১ ফেব্রুয়ারি (বুধবার) আরও পাঁচ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করবে।
বৈঠকে ডাক পাওয়া এ পাঁচ বিশিষ্ট নাগরিক হলেন: সাবেক নির্বাচন কমিশনার ড. আবু হেনা, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারোয়ার, নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশিদ এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার রোকনউদ্দিন মাহমুদ।








