আর্জেন্টিনার কোচ হওয়াটা একপ্রকার নিশ্চিতই ছিল। বৃহস্পতিবার এল আনুষ্ঠানিক ঘোষণাও। হোর্হে সাম্পাওলিই পেলেন মেসি-দিবালাদের জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব। বিশ্বকাপ বাছাইয়ে ধুঁকতে থাকা আলবিসেলেস্তাদের মূলপর্বে নিয়ে যাওয়ার পাহাড়সম চ্যালেঞ্জ নিয়েই পাঁচ বছরের জন্য মেসিদের কোচ হয়েছেন ৫৭ বছর বয়সী এই আর্জেন্টাইন।
নতুন দায়িত্ব নিয়েই দল গোছানোয় মনোযোগী হচ্ছেন সাম্পাওলি। মেসি ও দিবালার মধ্যে কার্যকরী জুটি গড়ে তুলতে চান তিনি। রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে আর্জেন্টিনার শুরুর একাদশে মাত্র একটি ম্যাচেই একসঙ্গে খেলেছেন মেসি-দিবালা। সেই ম্যাচেও প্রথমার্ধে বহিষ্কার হয়েছিলেন ২৩ বছর বয়সী দিবালা। জুভেন্টাসকে সিরি আ ও ইতালিয়ান কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বার্সাকে একাই উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তুলছেন তুরিনের দলটিকে।
মেসির সঙ্গে সেই দিবালকে ঘিরেই সাম্পাওলির পরিকল্পনা, ‘দিবালা অনেক উঁচু মানের। তার উদ্ভাবনী শক্তি প্রবল। মেসির সঙ্গে জুটি বাধলে দারুণ হবে ব্যাপারটা।’
বাছাইপর্ব উতরানোর মত রসদ আর্জেন্টিনার আছে জানিয়ে সাম্পাওলি বললেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড় (মেসি) এখানে আছে। আমি চাই সে এখানে ভালো অনুভব করুক। মেসির সঙ্গে আরো যোগ্য খেলোয়াড় আছে। দলটা খুবই উজ্জীবিত।’
সাম্পাওলিই যে আর্জেন্টিনার কোচ হতে যাচ্ছেন সেটা আগেই জানিয়েছিল তার সাবেক দল সেভিয়া। গত শুক্রবার এক বিবৃতিতে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের (এএফএ) সঙ্গে সমঝোতার কথা জানিয়েছিল এবার লা লিগায় চতুর্থ হওয়া সেভিয়া। বৃহস্পতিবার সেই সমঝোতা আনুষ্ঠানিক রূপ নিল। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত মেসিদের কোচ থাকছেন সাম্পাওলি।
দায়িত্ব পেয়েই তড়িঘড়ি কাজে নামতে হবে চিলিকে কোপা আমেরিকা জেতানো এই কোচকে। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এই মুহূর্তে টেবিলে ১০ দলের মধ্যে পাঁচে আছে আর্জেন্টিনা। একটু পা ফস্কালেই বাছাইপর্ব থেকে বিদায় ঘণ্টা বাজবে। এমন অবস্থায় দলকে গুছিয়ে আনাই প্রধান চ্যালেঞ্জ হবে সাম্পাওলির।
জুনে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা। ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে, আর ১৩ জুন সিঙ্গাপুরের বিপক্ষে নামবে লিওনেল মেসির দল। সাম্পাওলি যুগেরও যাত্রা হবে এই ম্যাচ দুটি দিয়েই।
বিশ্বকাপ বাছাইপর্বে বাজে পারফরমেন্সের জন্য গত ১১ এপ্রিল এগার্ডো বাউজাকে ছাঁটাই করলে আর্জেন্টিনার কোচের পদটি খালি হয়ে পড়ে।







