চার ম্যাচ পর জয় পেল চিটাগং ভাইকিংস। এ ম্যাচের জয়ের নায়ক মোহাম্মদ নবী জানালেন তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।অন্যদিকে রাজশাহীর অলরাউন্ডার সামিত প্যাটেল বললেন নবীর নৈপুণ্যে হেরে গেছে তারা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
বিজয়ী দলের ম্যাচ সেরা মোহাম্মদ নবী বলেন: টানা চার ম্যাচ পর এ জয় অত্যন্ত আনন্দের। আমরা সবাই খুশী। আসলে আজ আমরা নিজেদের সেরাটা মেলে ধরেছিলাম। নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি।
নবী আরো যোগ করে বলেন: শুরুতে আমরা দ্রুত কিছু উইকেট হারিয়েছিলাম। তবে উইকেট ভালো ছিল। আমি সেট হয়ে গিয়েছিলাম। আনামুল ছিল। বোলিংয়েও আমরা আমাদের সেরাটা দিতে চেষ্টা করেছি ফলে আমরা সফল হয়েছি।
দলও জিতল নিজেও ম্যাচ সেরা হলেন এমন প্রশ্নের জবাবে নবী বলেন: সত্যিই খুবই আনন্দিত। চার ম্যাচ আমাদের খারাপ গেছে এ জয়টা গুরুত্বপূর্ণ ছিল।
রাজশাহী কিংসের হয়ে সংবাদ সম্মেলনে আসেন সামিত প্যাটেল। তিনি শুরুতেই বলেন: নবীর অসাধারণ ব্যাটিংয়ের কাছেই হেরেছে তারা।
দলের পরজয় প্রসঙ্গে প্যাটেল বলেন: আসলে বড় লক্ষ্য তাড়া করতে গেলে জুটির দরকার হয় যা আমরা গড়তে পারি নাই। দলের কয়েকজন ব্যাটসম্যান সেট থাকা অবস্থায় আউট হয়েছেন।
দলের জয়ের ধারায় ফেরার প্রসঙ্গে প্যাটেল বলেন: আমাদের বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে, টিমও যথেষ্ট ভারসাম্যপূর্ণ, পরবর্তী ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো।







