পল্টনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। যুবদল নেতা শামীম রেজা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলাম খানকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গণঅভ্যুত্থানে পতনের আগে আওয়ামী লীগ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ছিলেন সাবের হোসেন চৌধুরী। ২০২২ সালের ডিসেম্বরে ঢাকার পল্টনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিকেলে সিএমএম আদালতে তোলা হয়। ওই সময় আদালত চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন বিএনপি সমর্থক আইনজীবী ও সাধারণ মানুষ। মামলার তদন্তের স্বার্থে তাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একইসঙ্গে আদালতে তোলা হয় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব আমিনুল ইসলাম খানকে। যুবদল নেতা শামীম রেজা হত্যা মামলায় তাদের দশ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
শুনানির পর সেনা সদস্য ও পুলিশের কড়া পাহারায় আসামিদের রিমান্ডের জন্য নিয়ে যাওয়া হয়। ওই সময়ও বিক্ষোভ দেখায় আইনজীবীসহ সাধারণ মানুষ।







