সাবেক মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ও সাবেক রাষ্ট্রদূত মোস্তফা ফারুক মোহাম্মদদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তার মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদ ও কূটনীতিককে হারালো।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। বুধবার রাত পৌনে আটটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে সাংবাদিকদের জানান মন্ত্রীর ঘনিষ্টজনেরা। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন তিনি।
সাবেক রাষ্ট্রদূত ও সাবেক মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ ১৯৪২ সালের ২১ মার্চ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা সেকেন্দার মোহাম্মদ মোসলেম এবং মা আমেনা খাতুন।
মোস্তফা ফারুক মোহাম্মদ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য।
মোস্তফা ফারুক পেশাগত জীবন শুরু করেন ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে। ১৯৬৮ সালে তিনি জাপানে পাকিস্তান দূতাবাসে নিয়োগ পান। ১৯৭০ সালে পদোন্নতি পেয়ে দ্বিতীয় সচিব হন। একাত্তরে তিনি পাকিস্তান সরকারের পক্ষ ত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগ দেন।
এরপর ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে যখন ইন্দোনেশিয়া সরকার বাংলাদেশকে স্বীকৃতি দেয়, তখন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তিনি সেখানে বাংলাদেশ দূতাবাস স্থাপন করেন। ১৯৭৩ সালে তিনি দেশে ফিরে আসেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালকের দায়িত্ব পান।
মোস্তফা ফারুক ১৯৭৯ সালে নিরাপত্তা পরিষদে বাংলাদেশের বিকল্প প্রতিনিধির দায়িত্ব পালন করেন। ওই বছরই তাকে ভারতে ডেপুটি হাইকমিশনার নিয়োগ দেওয়া হয়।
১৯৮৬ সালে তিনি সার্কের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ পান তিনি।
১৯৯৩ সালে ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন মোস্তফা ফারুক। ১৯৯৬-৯৯ সাল পর্যন্ত রাশিয়াতে এবং ১৯৯৯-২০০১ সাল পর্যন্ত দিল্লিতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
২০০১ সালে চাকরি থেকে অবসরে যাওয়ার সাত বছর পর নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়ী হন তিনি। ২০১২ সালে তিনি বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব পান।



