জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অপরাধে পটুয়াখালী-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদারকে ৯ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়াও তার অবৈধভাবে অর্জিত ২৩ লক্ষাধিক টাকার সম্পদ বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন পটুয়াখালী জেলা বিশেষ ও দায়রা জজ আদালত।
সোমবার দুপুরে জনাকীর্ণ আদালত কক্ষে বিচারক বাসুদেব রায় এ রায় ঘোষণা করেন।
সম্পদ বিবরণীতে তথ্য গোপন করায় ২০১০ সালের ২৫ এপ্রিল সমন্বিত জেলা কার্যালয় (সজেকা’র) সহকারী পরিচালক লুৎফর রহমান মামলা দায়ের করে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন। এরপর সাক্ষ্য প্রমাণ ও দীর্ঘ যুক্তি-তর্ক শেষে আদালত তাকে দোষী সাব্যস্থ করেন।
রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট গাজী নেছার উদ্দিন এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।
তবে আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমিন ও অ্যাডভোকেট মজিবর রহমান টোটন জানান, তারা এ রায়ে সংক্ষুব্ধ। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মামলাটি করা হয়। তারা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।









