এক ম্যাচ বাকি রেখেই শেষ হয়ে গেলো বাংলাদেশের সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ। ভারতে গিয়ে টানা দ্বিতীয় পরাজয় হজম করেছে মামুনুলের দল। মালদ্বীপের কাছে টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে ৩-১ গোলে হার মানে বাংলাদেশ।
এ জয়ে এক ম্যাচ বাকি রেখেই সেমিফাইনালে উঠে গেছে মালদ্বীপ। ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের ৩৯ মিনিটে বল বাংলাদেশী ডিফেন্ডার ওয়ালি ফয়সালের হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি। ওই সুযোগে আলি আশফাকের গোলে এগিয়ে যায় মালদ্বীপ।
দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে হেমন্ত ভিনসেন্টের গোলে সমতায় ফিরে বাংলাদেশ দল। কিন্তু সমতা ধরে রাখতে পারে মাত্র ৩ মিনিট। ৯০ মিনিটে হাসান নাইজের গোলে আবার লিড মালদ্বীপের।
ইনজুরি সময়ে বাংলাদেশের দুর্বল ডিফেন্স ভেঙ্গে মালদ্বীপের পক্ষে তৃতীয় গোলটি করেন নাশিদ আহমেদ। ২৮ ডিসেম্বর ভুটানের সঙ্গে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।







