বাংলাদেশ

সৈয়দপুরে সেনাবাহিনীর ইএমই কোরের অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ কোর পুনর্মিলনী

সৈয়দপুরে সেনাবাহিনীর ইএমই কোরের অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ কোর পুনর্মিলনী
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৬ষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ২৭ ও ২৮ সেপ্টেম্বর সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে (ইএমইসিঅ্যান্ডএস) এসব আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বাৎসরিক অধিনায়ক সম্মেলনে ইএমই কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান। এসময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ইএমই কোরের বীর সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেনাবাহিনী প্রধান ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং যুদ্ধ ও শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর অস্ত্র, যানবাহন ও বিভিন্ন যন্ত্রপাতির মেরামত ও রক্ষণাবেক্ষণে কোরটির গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

এছাড়া ইএমই কোরের কার্যক্রম, উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় কোরের সদস্যদের সবসময় প্রস্তুত থাকার নির্দেশনাও দেন সেনাবাহিনী প্রধান। এদিকে ইএমই কোরের ৬ষ্ঠ কোর পুনর্মিলনী উপলক্ষে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে কোর পুনর্মিলনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ উপভোগ করেন এবং কোরের প্রাক্তন ও বর্তমান সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।

এসময় ইএমই কোরের সদস্যদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মমত্ববোধ আরও জোরদারে এ ধরনের পুনর্মিলনী আয়োজনের গুরুত্ব তুলে ধরেন সেনাবাহিনী প্রধান। ভবিষ্যতেও দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত রাখার জন্য কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও বাংলাদেশ রুরাল ইলেক্ট্রিফিকেশন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান, সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও রংপুর এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া ইএমই কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

বিষয়:ওয়াকার-উজ-জামানসেনাবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…