বাংলাদেশ

কাউকে খুশি করতে নয়, দেশের প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাউকে খুশি করতে নয়, দেশের প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কাউকে খুশি করতে নয়, বাংলাদেশের প্রয়োজন ও চাহিদা বিবেচনা করেই বোয়িং বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বোয়িং কেনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কাউকে খুশি করার জন্য নয়, বাংলাদেশ তার প্রয়োজন ও চাহিদা অনুযায়ী বোয়িং কিনবে। দেশের প্রয়োজন বিবেচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর চার দিনের জাতিসংঘ সফরের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্বিকভাবে সার্থক হয়েছে। সফরের মাধ্যমে নতুন সরকারের অঙ্গীকার ও প্রত্যাশা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, চার দিনের সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দিয়েছেন। এছাড়া ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

তিনি জানান, অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী তুরস্ক ও ইরানের রাষ্ট্রপতি, মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি, ভুটান, পাকিস্তান, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাইতির প্রধানমন্ত্রী এবং কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর সফরে জাতিসংঘের মহাসচিব, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার, মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত, ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এবং বোয়িং গ্লোবালের প্রধান নির্বাহীর সঙ্গেও সাক্ষাৎ হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক হয়েছে।

হুমায়ুন কবির বলেন, বিভিন্ন সভা ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়া অতিথিরা বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অভিযাত্রার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আত্মবিশ্বাস, সম্মান ও আত্মমর্যাদার বিষয়টি তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

বিষয়:পররাষ্ট্র প্রতিমন্ত্রীবোয়িং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…