সাধুবাবার সাজে কেনো মীরাক্কেলের জামিল?

লাল ধুতি পরে গলায় একই রঙের ওড়না জড়ানো। মাথায় দলাপাকা চুলের জট। গোঁফ-দাড়িতে তাকে চেনাই যাচ্ছেনা। গলায় রুদ্রাক্ষের মালা। এমন সাজ দেখা যায় সাধু সন্ন্যাসীদের! ঠিক এই সাজেই সেজেছেন মীরাক্কেলের জামিল!
প্রথম নজরে তাকে দেখে চেনার উপায় নেই। একটানা কিছুক্ষণ তাকিয়ে থাকলে বোঝা যাবে, আরে এটা তো মীরাক্কেলের জামিল!
কিন্তু তার এই সাজ কেন? চ্যানেল আই অনলাইনকে জামিল জানান, চুন্নু মিয়ার হালখাতা নামের একটি নাটকের জন্য এমনভাবে সেজেছেন তিনি। তিনি বলেন, এই প্রথমবার সাধুর চরিত্রে অভিনয় করলাম। কাজটি করে খুব ভালো লেগেছে। কারণ, একেবারেই নতুন চরিত্র। নিজেকে ঢেলে দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
চুন্নু মিয়ার হালখাতা নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। জামিল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল, উর্মিলা শ্রাবন্তী কর, কাজল সূবর্ণ, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, উর্মিলাকে জ্বীনে পায়! তাকে পাওয়ার জন্য মরিয়া প্রেমিক সজল।
উর্মিলার মাথা থেকে জ্বীন তাড়ানোর জন্য সাধুবাবা জামিলের আগমন ঘটে। তিনি নাটকের গল্পের কলকাঠি নাড়েন। সাধুবাবার উপস্থিতিতে সজল-উর্মিলার প্রেমের মোড় নেয় অন্যদিকে। এরমধ্যে পুরো ব্যাপারটা নানা নাটকীয়তায় মধ্যে যায়। যেটা দেখে ভীষণ মজা পাবেন বলে জানান জামিল।
কদিন আগে চুন্নু মিয়ার হালখাতা নাটকের শুটিং শেষ হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রকাশ হবে বলে জানা যায়।






