‘মুক্তিযুদ্ধের বড় শক্তি ছিলো অধিকার বঞ্চিত সাধারণ জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর ভেতরেই সুপ্ত ছিলো অধিকার আর নতুন দেশ নির্মাণের এক স্বপ্নচিত্র। আর এ স্বপ্নচিত্রের মহানায়ক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর দক্ষ ও যোগ্য নেতৃত্বে এবং আহ্বানে ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে উদ্ভাসিত হয় বাংলাদেশের।’
২২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে ইতিহাস বিভাগ আয়োজিত ‘মুক্তিযুদ্ধের স্বপ্ন: মুক্তিযুদ্ধের মানুষ’ শীর্ষক শহীদ বুদ্ধিজীবী স্মারক বক্তৃতায় উন্নয়ন সমন্বয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর আতিউর রহমান এসব কথা বলেন।
আতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য, দক্ষ নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন এবং দেশের সাধারণ মানুষের জন্যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত পরিপূর্ণ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। একইসঙ্গে ২০৪১-এর মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নাসরীন আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডীন ড. আবু মো. দেলোয়ার হোসেন।
মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অংশগ্রহণকে আরও অনুসন্ধানের মাধ্যমে ফুটিয়ে তোলার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নাসরীন আহমাদ।








