সাতক্ষীরায় সোনালী ব্যাংকের কলারোয়া শাখার নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার-ভিডিপি সদস্যকে জবাই করে হত্যা করেছে ডাকাতেরা।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে ব্যাংক ডাকাতিতে বাধা দেওয়ায় তাদেরকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্টরা। ওই সময় ডাকাতরা ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয় বলে জানান তারা।
নিহতরা হলেন- কলারোয়া উপজেলার ঝাঁপাঘাট গ্রামের কাইয়ুম হোসেনের ছেলে জাহাঙ্গীর (৩২) ও সাতক্ষীরা সদর উপজেলার হরিশপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে আসাদ (২৫)।
সোনালী ব্যাংকের ডিজিএম শহীদুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, ডাকাতিতে বাধা দেওয়ায় তাদের হত্যা করা হয়েছে। ডাকাতরা ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করেও পারেনি। এর আলামতও পাওয়া গেছে।
এছাড়াও ব্যাংকের কয়েকটি আলমারির কাগজপত্র তছনছ করে তারা।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জানান, গভীর রাতে সন্ত্রাসীরা ব্যাংকের ভিতর ঢুকে পাহারায় থাকা দুই প্রহরীকে হত্যা করে। তবে ব্যাংকের গেট ভাঙা অথবা তালা ভাঙার কোনো চিহ্ন মেলেনি।
তিনি জানান, ব্যাংকের কোনো টাকা খোয়া যায়নি। ব্যাংকের ভেতরে কাগজপত্র ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে।
ওই থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, জবাই করা লাশ দুটি ব্যাংকের সিড়িতে পড়েছিলো। সন্ত্রাসীদের চিনে ফেলায় ধস্তাধস্তির পর তারা ব্যাংক লুট করতে না পেরে তাদেরকে জবাই করেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদ্দাছের হোসেন জানান, পুলিশ সুপারসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।







