সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচারকাজে যথেষ্ট দেরি হয়েছে বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীকে এই হত্যার বিচার দাবিতে স্মারকলিপি দিতে গেলে এমন মন্তব্য করেন তিনি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, দ্রুত এই হত্যার বিচার নিশ্চিত করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। র্যাব এ বিষয়ে কাজ করছে। আদালত র্যাবকে দায়িত্ব দিয়েছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারয়ার ওরফে সাগর সারয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন।
সেই ঘটনার ১০ বছর পরও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য ভেদ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সংস্থাই।
একাধিক সংস্থা ঘুরে বর্তমানে মামলাটির তদন্ত করছে র্যাব। এখন পর্যন্ত আদালত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৮৫ বার সময় দিয়েছেন। কিন্তু প্রতিবেদন জমা দিতে পারেনি র্যাব।










