চট্টগ্রাম পর্বের অনুশীলন শেষে বাংলাদেশ দলের ক্যাম্প এখন মিরপুরে। কয়েকদিনের মধ্যেই ঘোষণা হবে অস্ট্রেলিয়া সিরিজের দল। তার আগে পুরো দলকেই ক্যাম্পে পাচ্ছেন হাথুরুসিংহে। সিপিএল খেলে দেশে পৌঁছেছেন সাকিব ও মিরাজ। সঙ্গে চোটে বিশ্রামে থাকা তামিম-সৈকতও যোগ দিয়েছেন ক্যাম্পে।
সিপিএল খেলে সোমবার রাতে দেশে পৌঁছে মঙ্গলবার সকালেই মিরপুরে হাজির হয়েছেন সাকিব আল হাসান। একাডেমি ভবনে কিছুক্ষণ থেকে গেলেন বিসিবি কার্যালয়ে। বুধবার অজি সিরিজের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারেন এই অলরাউন্ডার।
মেহেদী হাসান মিরাজ ফিরেছেন মঙ্গলবার সকালে। বিমানবন্দর থেকে সরাসরি মিরপুরে খালার বাসায় উঠেছেন এই অলরাউন্ডার।
সিপিএলে জ্যামাইকা তালাওয়াসের হয়ে ভালোই করেছেন সাকিব। মিরাজের অভিজ্ঞতা ছিল ভিন্ন। ফিরেছেন শূন্য হাতে। ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে একটি ম্যাচও সুযোগ হয়নি তরুণ এই অলরাউন্ডারের। একাদশে সুযোগ মেলেনি দলটির প্রথম পাঁচ ম্যাচে। মিরাজের ছাড়পত্র ছিল কেবল ওই পাঁচ ম্যাচে খেলারই।
তামিম চট্টগ্রামে তিনদিনের অনুশীলন ম্যাচে খেলেছেন। সৈকত সেটা পারেননি। ক্যাম্পের বাকি কটাদিনে তার টেস্ট মেজাজের সঙ্গে মানিয়ে নেওয়ার অনুশীলন। একই চ্যালেঞ্জ সাকিব-মিরাজেরও। সিপিএলে তারা ছিলেন টি-টুয়েন্টি আবহে, সেখান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে প্রস্তুত হতে হবে টেস্টের জন্য। ধুমধাড়াক্কা ক্রিকেট থেকে সোজা ধৈর্য্যের ক্রিকেটে ফেরা।







