হত্যা মামলায় নাম আসা ক্রিকেটার সাকিব আল হাসান জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর আইনজীবী মোহাম্মদ রাফিনুর রহমানের পক্ষ থেকে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। যদিও নোটিশ বিসিবিতে জমা পড়েনি বলে জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ।
শনিবার বিকেলে বিসিবি কার্যালয়ে সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় ফারুক গণমাধ্যমকে বলেন, ‘সাকিবের প্রসঙ্গে শুরুতে বলি, আপনারা জানেন যে একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশ আমরা পাইনি আসলে। এ ব্যাপারে কথা বলতে পারবো না এখন। মামলা বলতে এফআইআর হয়েছে। ফাস্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে বলে। তদন্ত হবে তারপর একটা দিকে যাবে মামলাটা।’
‘এ মুহুর্তে যেহুতু টেস্ট ম্যাচ চলছে। খুব ভালো সংবাদ যে চতুর্থ দিন আমরা খুব ভালোভাবে শেষ করেছি। কাল পঞ্চম দিন টেস্টের ফলাফল আসবে। আমরা এ মুহুর্তে কোনো স্ট্যান্স নেয়ার চিন্তা করিনি। কাল ম্যাচটা শেষ হলে আমরা বসে একটা সিদ্ধান্ত নেবো। পরবর্তী টেস্ট যেহেতু ৩০ আগস্ট। অনেকটা সময় আমরা পাচ্ছি। এর মধ্যে আমরা একটা সিদ্ধােন্তে পৌঁছাতে পারব।’







