মিরপুর টেস্টে শুরুতে ১০ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তখন তামিমের সঙ্গে দেড় শতাধিক রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন সাকিব। সেঞ্চুরির কাছে গিয়েও অবশ্য শেষ পর্যন্ত তিন অঙ্কটা ছোঁয়া হয়নি তার। সেটি নিয়ে আক্ষেপ আছে সাকিবেরও। তবে দিনের শেষবেলায় অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিয়ে স্বস্তিতে টাইগাররা। আক্ষেপ ভুলে সাকিবও এখন সামনে তাকিয়ে। টাইগার অলরাউন্ডারের মতে সামনে এখন চ্যালেঞ্জ অজি অধিনায়ক স্মিথ।
তামিমের সঙ্গে ১৫৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দিলেও ৮৪ রানে আউট হওয়াতেই সেঞ্চুরি আক্ষেপ সাকিবের। দিনশেষে সংবাদ সম্মেলনে নিজের আক্ষেপের কথা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার, ‘সেঞ্চুরি মিসের আক্ষেপ, আক্ষেপ থাকবে। করতে পারলে ভাল হত। যতোটা করতে পেরেছি, খুশি। তবে আরও কিছু করতে পারলে তো আরও খুশিই হতাম।’
প্রথমদিন শেষে বাংলাদেশকে ছন্দে রেখেছেন বোলাররা। দিনশেষে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। ক্রিজে আছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। যাকে হুমকি হিসেবেই দেখছেন ব্যাটে-বলে দারুণ পারফর্ম করা সাকিব।
স্মিথ সবচেয়ে বড় হুমকি কিনা, তাকে বোলিং করা কতোটা কঠিন- সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে সাকিব বললেন, ‘অবশ্যই ও (স্মিথ) সবচেয়ে বড় হুমকি। বিশ্বের এক বা দুই নম্বর ব্যাটসম্যান। ওর রেকর্ডই ওর হয়ে কথা বলে। সর্বশেষ যখন ভারতে খেলেছে, কয়েকটা সেঞ্চুরি করেছে। ওর মতো বিশ্বমানের ব্যাটসম্যানকে বোলিং করা বিরাট চ্যালেঞ্জ। ও-ই হল এখন পর্যন্ত আমাদের বড় হুমকি।’
ছবি: সাকিব উল ইসলাম








