ক্রিকেট

সাউথ আফ্রিকায় প্রথমবার টি-টুয়েন্টি জিতল বাংলাদেশের মেয়েরা

মুর্শিদার ফিফটির পর স্বর্ণার ৫ উইকেট

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে, জয় উদযাপন ও দলীয় সংহতি প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহের ম্যাচ জয়ে রাঙিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে প্রোটিয়া মেয়েদের ১৩ রানে হারিয়েছে নিগার ‍সুলতানা জ্যোতির দল। সাউথ আফ্রিকার মাটিতে প্রথমবার টি-টুয়েন্টি জিতল বাংলাদেশ।

মুখোমুখি দেখায় আগের ১২ ম্যাচে টিম টাইগ্রেসের জয় ছিল একটি-যা দেশের মাটিতে।

বেনোনির উইলমোর পার্কে ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের দিকেই আগাচ্ছিল স্বাগতিকরা। আনেকে বোস একাই টানছিলেন দলকে। ৪৯ বলে ৬৭ রানের ইনিংস খেলে ফিরে যেতেই ম্যাচে ফেরে বাংলাদেশ।

স্বর্ণা আক্তার লেগস্পিনে দেখাতে থাকেন ভেলকি। একে একে তুলে নেন ৫ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৮ রান। ইনিংসের শেষ ওভারে টানা দুুই বলে উইকেট নিয়ে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা।

রাবেয়া খান, ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার নেন একটি করে উইকেট। ৯.২ ওভারে বিনা উইকেটে ৬৯ রান তুলে ফেলা প্রোটিয়ারা শেষের দিকে টাইগ্রেস স্পিনে আটকে যায়। নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানে থামে ইনিংস।

টস জিতে ব্যাটিংয়ে নেমে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় বাংলাদেশ। ২০ ওভারে ২ উইকেটে ১৪৯ রান তুলেছে নিগার সুলতানা জ্যোতির দল। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে চতুর্থ ফিফটির দেখা পান টাইগ্রেস ওপেনার মুর্শিদা খাতুন।

প্রোটিয়া মেয়েদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ১৩৭। অধিনায়ক নিগারের ক্যামিওতে সেটি টপকে যায় সফরকারীরা।

মুর্শিদা ৫৯ বলে ৬টি চার, ১টি ছয়ে ৬২ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক নিগার ২১ বলে ৬টি চারে ৩৪ রানে অপরাজিত থাকেন।

দলকে ভালো সংগ্রহের ভিত গড়ে দেয় ওপেনিং জুটি। ৬.৫ ওভার দীর্ঘ জুটিতে আসে ৩৭ রান। ৪টি চার ও ১টি ছয়ে ২৪ বলে ২৪ রান করে ফেরেন শামীমা সুলতানা।

তিন নম্বরে সোবহানা মোস্তারি নেমে ১৭ বলে ১৬ রান করে আউট হন। মারেন ৩ বাউন্ডারি।

এরপর বাকি পথ পাড়ি দেন মুর্শিদা নিগার। ৪২ বলে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশকে নিয়ে যান দেড়শর কাছে।

সাউথ আফ্রিকা সফরে তিনটি করে টি-টুয়েন্টি ও ওয়ানডে খেলবে বাংলাদেশের মেয়েরা।

বিষয়:টিম টাইগ্রেস বাংলাদেশ-সাউথ আফ্রিকা বেনোনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…