মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের সময়-সূচি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আইসিসি। ১০ দলের অংশগ্রহণে হতে চলা আসরে কে কোন গ্রুপে খেলবে, তাও চূড়ান্ত। মূলপর্বে পা দেয়া শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের গ্রুপ নির্ধারণ বাকি ছিল। বাছাইপর্বের ফাইনালের পর সেটিও নিশ্চিত হয়ে গেল।
‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যোগ দেবে স্কটল্যান্ড। বাছাইপর্বের ফাইনালে লঙ্কানদের কাছে হারায় স্কটিশরা কোয়ালিফায়ারের দ্বিতীয় দল হিসেবে টি-টুয়েন্টির বিশ্ব আসরে খেলবে। অপরদিকে, চ্যাম্পিয়ন হওয়ায় কোয়ালিফায়ারের প্রথম দল হিসেবে ‘এ’ গ্রুপে থাকা দল ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সঙ্গে থাকছে শ্রীলঙ্কা।
আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ৬৮ রানের জয়ে শিরোপা ঘরে তোলে শ্রীলঙ্কা। অধিনায়ক চামারি আতাপাত্তুর ৬৩ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১০২ রানের ইনিংসে ভর করে আগে ব্যাট করা লঙ্কার মেয়েরা বোর্ডে তোলে ৫ উইকেটে ১৬৯ রান। জবাবে স্কটিশরা ২০ ওভারে ৭ উইকেটে ১০১ রানের বেশি তুলতে পারেনি।
বাংলাদেশের মাটিতে ১০ বছর পর হতে চলা এই টুর্নামেন্টে মোট ২৩ ম্যাচ হবে। ১৭ দিনের আয়োজনের ফাইনাল ২০ অক্টোবর। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচগুলো হবে সাভারের বিকেএসপিতে। মূল ম্যাচগুলোর ভেন্যু মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। উদ্বোধনী দিনে মিরপুরে দুপুরে মুখোমুখি হবে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। একইদিনে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।








